রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ কোয়েলের? দেখা করলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে

Published:

Koel Mallick Resigns

প্রীতি পোদ্দার, কলকাতা: মমতার সঙ্গ ছাড়লেন কোয়েল মল্লিক। মাত্র ২ মাস ১০ দিনের মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন (Koel Mallick Resigns) তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং প্রয়োজক নিসপাল সিং। আজ, বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিলেন তিনি। এদিকে সাংসদ পদ ছাড়ার পর পরই আজ, কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন কোয়েল (Koel Mallick)। আর তাই নিয়ে শুরু হয়েছে একাধিক জল্পনা।

ইমেলে পাঠিয়েছিলেন ইস্তফা পত্র

ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা ঘোষণা করেছিলেন যে, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। আর সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন তিনি। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি এই তারকা সাংসদকে। তবে তৃণমূলের পরাজয়ের পর যখন একের পর এক সাংসদ ইস্তফা দিচ্ছিলেন তখনই জুন মাসের ১১ তারিখ ইমেলে রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন কোয়েল।

ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন কোয়েল

ইমেল পাঠানো হলেও উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ সেটি গ্রহণ করেননি। কোয়েল মল্লিককে জবাবে স্পষ্ট জানানো হয়েছে যে, ইমেলে ইস্তফাপত্র গ্রহণযোগ্য নয়। তাঁকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেওয়া হয়। এদিকে কিছু ব্যক্তিগত কারণে তিনি দেশের বাইরে ছিলেন, তাই এবার দেশে ফিরে আজ, বৃহস্পতিবার, রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে। এছাড়াও এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গেও দেখা করেছেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবি।

আরও পড়ুন: বিকেল হতেই দুর্যোগ, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রসঙ্গত, জুনের প্রথম দিকে রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। এদিকে কিছুদিন আগেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তিন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। আর এবার ইস্তফা দিয়েই কোয়েল মল্লিক, ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করায় রাজনৈতিক মহলে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছে। অনেকের জল্পনা তবে কি এবার কোয়েল মল্লিকও বিজেপিতে যোগ দেবেন। যদিও সবটাই একজন সময়ের অপেক্ষা।