মোহভঙ্গ! কালীঘাট তৃণমূলে ফিরলেন মদন মিত্র? ভাইরাল ছবি ঘিরে জল্পনা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে কালীঘাট তৃণমূলেই (Kalighat Trinamool) প্রত্যাবর্তন হল মদন মিত্রের (Madan Mitra)? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যাওয়ার পর বেশ কয়েকবার জল্পনা বাড়লেও এবার তাতে নতুন মাত্রা জুড়ল একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবিতে, কুণাল ঘোষ সহ কালীঘাট তৃণমূলের অন্যান্য নেতা কর্মীদের সাথেই বিধানসভার বাইরে এক ফ্রেমে ধরা দিয়েছেন ও লাভলী খ্যাত মদ মদন মিত্র। অন্যান্য দিনের মতো এদিনও কামারহাটি বিধানসভার বিধায়ককে একেবারে খোশ মেজাজে দেখা গেল। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে তাহলে কি কালীঘাট তৃণমূলে ঘরওয়াপ্সি হল মদনের?

কালীঘাট তৃণমূলে ফিরলেন মদন মিত্র?

ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পরই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন সাংসদ, বিধায়করা। কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে যাওয়া নেতাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন মদন মিত্রও। মমতার একেবারে শুরুর দিকের সঙ্গী মদনকে ঋত শিবিরে যেতে দেখে তৃণমূলের কর্মী সমর্থকরা যে অবাক হয়ে গিয়েছিলেন সে কথা বলার অপেক্ষা রাখে না।

যদিও মদন মিত্র একা নন বরং মমতার দীর্ঘদিনের সঙ্গী বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলও যোগ দিয়েছিলেন ঋতব্রত তৃণমূলে। সম্প্রতি নব্য তৃণমূলের তরফে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল মদন মিত্রদের। তবে বুধবার সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতেই মদনের কালীঘাট তৃণমূলে ফেরার জল্পনা উসকে গেল। ভাইরাল ওই ছবি পোস্ট করেছেন কালীঘাট তৃণমূলের মমতা পন্থী নেত্রী তথা হুগলি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা অধিকারী। তবে মদনের কালীঘাট তৃণমূলে ফেরা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: ঠেলতে হবে না ভিড়, পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে স্পেশাল লোকাল দিল রেল

উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন মদন মিত্র। সেদিন সিদ্ধান্ত নিয়েই সোজা তৃণমূল ভবনে ঋতব্রতদের কাছে হাজির হয়েছিলেন তিনি। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করতে শোনা গিয়েছিল ঘাসফুল শিবিরের এই বিধায়ককে।