আনিষা চৌধুরী, কলকাতা: গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে নতুন প্রজন্মকে পাশে থাকার বার্তা দিলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। CJP-র নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, এই পদক্ষেপের মাধ্যমে একটি গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
কী দাবি তৃণমূল নেত্রীর?
দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে CJP-র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় এই বিতর্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছিলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনের জেরে একাধিক নেতা ও কর্মীকে আটক করা হয়।
নিজের পোস্টে মমতা লেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বহু প্রজন্ম ধরে লড়াই চলেছে, আগামী দিনেও সেই লড়াই জারি রাখতে হবে। তাঁর অভিযোগ, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা চলছে। বাংলায় ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের মুখে পড়ছেন বলেও দাবি করেছেন তিনি।
নিজের পোস্টে যুবসমাজের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, দেশের গণতন্ত্র রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, তা কোনওভাবেই বিসর্জন দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
পোস্টের শেষে তরুণ প্রজন্মকে আশ্বস্ত করে মমতা লিখেছেন, তাঁদের ‘দিদি’ আজীবন তাঁদের পাশে রয়েছেন। দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার আহ্বান জানিয়ে ‘জয় হিন্দ’, ‘বন্দে মাতরম’ এবং ‘জয় বাংলা’ স্লোগানেও বার্তা শেষ করেছেন তিনি।
আরও পড়ুন: “প্রধানমন্ত্রী মোদী ১০ বার ফোন করলেও আমি ধরিনি” মজার তথ্য ফাঁস করলেন রাজ্যপাল
মমতা ব্যানার্জির ভাষায়, আমরা এবং আমাদের আগের বহু প্রজন্ম গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে লড়াই করেছি। আগামী দিনেও সেই লড়াই চালিয়ে যেতে হবে। CJP-র আশুতোষ ও সৌরভের গ্রেফতারির তীব্র নিন্দা জানাই। এই সময় আমাদের সকলকে একজোট হয়ে দেশের গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে এবং তার জন্য লড়াই করতে হবে। একটি গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সংবিধানপ্রদত্ত অধিকার কখনওই বিসর্জন দেওয়া উচিত নয়। দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। এই মুহূর্তে বাংলার ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন। যে সরকার ‘জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার’ এই কথাটাই ভুলে গিয়েছে, তার পতন আসন্ন। দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে বলতে চাই, তোমাদের দিদি আজও তোমাদের পাশে রয়েছে, আগামী দিনেও থাকবে। আসুন, আমরা সকলে একজোট হয়ে আমাদের মাতৃভূমি ভারতকে রক্ষা করি। জয় হিন্দ। বন্দে মাতরম। জয় বাংলা।”










