অনশনে বসার আগেই দুর্নীতি মামলায় গ্রেফতার কাঁথির তৃণমূল নেতা, বললেন “মাথা নোয়াব না!”

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পূর্ব মেদিনীপুরজুড়ে বহু তৃণমূল (Trinamool Congress) কর্মীকে ঘরছাড়া করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই অভিযোগ তুলেছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা (TMC Leader Arrest)। আর তার প্রতিবাদেই মঙ্গলবার থেকে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন তিনি। ঠিক সেই অনশন শুরুর আগেই সোমবার রাতে পুরনো এক আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে। রাজ্যের প্রাক্তন শাসক দলের তরফে অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

গ্রেফতার হতেই শাসক দলকে আক্রমণ করলেন পীযূষ

কাঁথির সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পদে রয়েছেন পীযূষ। তাঁর অভিযোগ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বহু তৃণমূল কর্মীকে একেবারে ঘরছাড়া করে রেখেছিল বিজেপি। আর সেই কারণেই শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই তৃণমূল নেতা।

সূত্রের খবর, মঙ্গলবার অনশণ শুরু করার আগেই সোমবার রাতে ওই তৃণমূল নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। মূলত পুরনো এক আর্থিক দুর্নীতি মামলাতেই তাঁকে গ্রেফতার করে পটাশপুর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে মঙ্গলবার অর্থাৎ আজ তাঁকে 10 দিনের জন্য হেফাজতে চেয়ে কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল।

আরও পড়ুন: এক ফ্রেমে খুশ মেজাজে মোদি-পুতিন-জিনপিং, এর মাঝেই কান্ড ঘটালেন পাক প্রধানমন্ত্রী

এদিন, পুলিশের গাড়িতে ওঠার আগেই নিজের গ্রেফতারি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা পীযূষ। তাঁর দাবি, যাই হয়ে যাক মাথা নত করবেন না তিনি। পুলিশ এবং বিজেপি একসাথে মিলে কাজ করছে বলেও অভিযোগ করেন ওই তৃণমূল নেতা। একই সাথে তিনি এও জানান, যতদিন বাঁচবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন! এদিকে কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিকে পুরনো মামলায় গ্রেফতার করায় শাসক দলকে নিশানা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিটলার রাজ চালাচ্ছেন।