মেলেনি নোটিশের জবাব, অবৈধ প্ল্যানের অভিযোগে এবার ভাঙছে অভিষেকের কার্যালয়

Published:

Abhishek Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: মরার উপর খাঁড়ার ঘা! একাধিক দুর্নীতি অপবাদ এর মাঝে আরও বিপাকে পড়লেন মমতার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলায় (Amtala) কার্যালয় নির্মাণের অভিযোগে বুলডোজারের মুখে পড়তে চলেছে অভিষেকের স্থাপত্য। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা প্রশাসকের দেওয়া একের পর এক পাঠানো নোটিশের জবাব না দেওয়ায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। ইতিমধ্যেই আজ সকাল থেকে পুলিশ-বাহিনীতে ছেয়ে গিয়েছে অভিষেকের কার্যালয়। গার্ডরেলে ঘিরে ফেলা হয়েছে কার্যালয় চত্বর। বিল্ডিংটির সামনের অংশ গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

বুলডোজারের মুখে অভিষেকের কার্যালয়!

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আমতলার কার্যালয়ে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে একটি নোটিস পাঠানো হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে। সেখানে বলা হয়েছিল, ১৫ জুলাই তাঁকে জেলা প্রশাসনের দপ্তরে তলব করা হচ্ছে। এরপর ৭ জুলাই আরও একটি নোটিস পড়ে আমতলার কার্যালয়ে। কিন্তু কোনো নোটিসের জবাবে সাড়া দেননি তিনি। আর তারপরেই কড়া অ্যাকশনে নামে প্রশাসন। আজ, শনিবার সকাল থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এবং গার্ডরেলে ঘিরে ফেলা হয় কার্যালয় চত্বর।

কী বলছেন বিজেপি নেতা?

প্রশাসনের দাবি, প্রয়োজনীয় নিয়মকানুন না মেনেই সম্পূর্ণ বেআইনিভাবে ওই বিল্ডিং বা কার্যালয়টি তৈরি করা হয়েছিল। আর তাই এই বেআইনি নির্মাণ সরানোর দুপুর ১২টা নাগাদ এই অভিযানে নামানো হয়েছে ৩টি বুলডোজার। এদিকে তৃণমূলের কার্যালয় ভাঙার কাজ শুরু হতেই ঘটনাস্থলে জড়ো হন বহু বিজেপি কর্মী ও সমর্থক। উপস্থিত বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাবি করেন, “সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার করে এই কার্যালয়টি গড়ে তোলা হয়েছিল। এই পুরো বেআইনি বিল্ডিং আজই ভেঙে গুঁড়িয়ে ফেলা হবে।”

আরও পড়ুন: তৃণমূলে ফের ভাঙন? কোয়েলের পর ইস্তফা দিতে পারেন আরও ২ সাংসদ

অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গিয়েছে। তাঁদের অভিযোগ, “এই কার্যালয় ছিল শাহজাহান, জাহাঙ্গিরের মতো গুন্ডাদের ঘাঁটি। আজ বিপত্তারিণী পুজোতেই বিপদের খুঁটি উৎখাত হয়ে গেল।” প্রশাসন নোটিসে এও উল্লেখ করেছিল যে, যে জমিতে সাংসদের কার্যালয়টি নির্মাণ হয়েছে, তা লিপস এন্ড বাউন্ডসের নামে কেনা হয়েছিল। এমনকি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।