শহিদ পরিবারদের মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঋতব্রতর তৃণমূলের

Published:

Ritabrata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: একুশে জুলাইয়ের সভাকে ঘিরে যেন কাড়াকাড়ি চলছে। একদিকে কালীঘাট আরেকদিকে ঋতব্রত। বাদ যাচ্ছে না কংগ্রেসও। আর এই বিভাজনের আবহে এবার মমতাপন্থী (Mamata Banerjee) ‘কালীঘাট তৃণমূল’-কে তীব্র কটাক্ষ করলেন ‘বিদ্রোহী’ তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে তুলে ধরলেন একাধিক প্রশ্ন। সুধুনতাই নয়, শহীদদের পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন।

মমতাকে কটাক্ষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

মেয়ো রোডে, তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নাম না করে কালীঘাট শিবিরকে রীতিমত তুলোধনা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শহীদ দিবসের মঞ্চ কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়, কোনও ক্যাটওয়াকের জায়গা নয়। কিন্তু এতদিন এভাবেই পালিত হয়ে এসেছে। সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করা তারকা বা সিনেমার কলাকুশলীরা মঞ্চে জায়গা পেতেন, আর যাঁরা আসল সংগঠন সামলান, রাজনৈতিক নেতা-কর্মীরা পিছোতে পিছোতে পিছনের সারিতে চলে যেতেন। মিথ্যে মামলা হলে জমি বিক্রি করে কর্মীদের মুক্ত করার জন্য যাঁরা লড়াই করতেন, তাঁদের মর্যাদা দেওয়া হয়নি।”

তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন

এদিন ভরা জনসমাবেশে দলের বিপুল পরিমাণ অর্থ তহবিলের হিসেব নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “দিদি, কেন এত বছর পার হয়ে গেলেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসেনি? কেন ওই আন্দোলনে গুলি চলেছিল? কেন একের পর এক কমিশনের রিপোর্ট আলাদা করা হয়েছিল?” তিনি আশ্বাস দিয়েছেন, দলের তহবিলের অর্থ হাতে এলে প্রত্যেকটি শহিদ পরিবারকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও তিনি বলেন, প্রতি তিন মাস অন্তর দল কত টাকা খরচ করছে, সেই হিসাবও এবার থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: NIA-র ধাঁচে বাংলায় এবার SIA, নিরাপত্তা জোরদারে বড় সিদ্ধান্ত সরকারের

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেই নয় এদিন সভা ঘিরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ঋতব্রত। তাঁর দাবি, বিভিন্ন এলাকা থেকে তাঁদের সমর্থকরা যখন সভায় আসছিলেন, তখন নাকি তাঁদের উপর আক্রমণ করা হয়েছে এবং ভয় দেখিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এমনকি মহেশতলায় এক বিজেপি মণ্ডল সভাপতি কর্মীদের বাস আটকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে ঋতব্রতের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।