তুলে নিয়েছিল মমতা সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর নিরাপত্তা ফেরালেন শুভেন্দু

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজনৈতিক অন্দরে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মতাদর্শগত পার্থক্য থাকলেও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharjee) সরকারি নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থাৎ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাসভবনে ফের সরকারি নিরাপত্তা মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর সমস্ত নিরাপত্তা তুলে নিয়েছিল। কিন্তু সরকার বদল হতেই এবার সেই নিরাপত্তা ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীর নিরাপত্তা ফেরাচ্ছেন মুখ্যমন্ত্রী

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য ও সুচেতন দক্ষিণ কলকাতার ৫৯এ, পাম অ্যাভিনিউয়ের ছোট্ট ফ্ল্যাটেই আগের মতোই থাকেন। কিন্তু তাঁর স্বামীর প্রয়াণের পর তৎকালীন সরকার সমস্ত নিরাপত্তা তুলে নেয় ওই বাসভবনের। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু এবার রাজ্যে ক্ষমতার বদল ঘটতেই বড় সিদ্ধান্ত নিলেন নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্যকে পুনরায় সেই নিরাপত্তা ফিরিয়ে দিলেন তিনি, যা রাজনৈতিক পরিমণ্ডলে এক অনন্য নজির।

কী বলছেন মীরা ভট্টাচার্য?

বুদ্ধদেব ভট্টাচার্য অন্য দলের হলেও এবং তাঁর সঙ্গে আদর্শগত ফারাক থাকলেও প্রশাসনিক দায়িত্ব ভুলে যাননি শুভেন্দু অধিকারী। তাইতো সেই কথা মাথায় রেখে হাজারো কাজের ব্যস্ততার মাঝে মীরা ভট্টাচার্যের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বিগত সরকারের আমলে যে অসৌজন্য দেখানো হয়েছিল, সেটা নতুন সরকার শুধরে দিয়েছে। এদিকে নয়া মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানালেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী। তিনি বলেন, “বুদ্ধবাবুর মৃত্যুর পরই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এখন অবশ্য আমার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো মাথাব্যথা নেই। তবে নতুন মুখ্যমন্ত্রী যদি আমার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা আমার পরম সৌভাগ্য।”

আরও পড়ুন: ধর্মতলায় অনুমতি দিল না হাইকোর্ট, এবার কোথায় একুশে জুলাই করবে কালীঘাট তৃণমূল?

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। বরাবরই তিনি আদর্শ এবং মতাদর্শ মেনেই চলতেন। তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁরা কখনও বিলাসবহুল সরকারি আবাসনে যাননি। জানা যায়, একসময় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তাঁদের বড় বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নিজের পরিচিত পরিবেশ ছাড়তে চাননি। এমনকি তাঁর মৃত্যুর পরও সেই সিদ্ধান্তেই অনড় থেকেছেন মীরা ভট্টাচার্য। বর্তমানে পাম অ্যাভিনিউয়ের সেই ছোট্ট ফ্ল্যাটেই একা থাকেন তিনি।