রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জেনে নিন সময়সূচি ও নিয়মকানুন

Published:

Lunar Eclipse

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল রাখি বন্ধন (Rakhi Bandhan 2026)। তবে এই বিশেষ দিনটিতেই ঘটতে চলেছে এ বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, বছরের শেষ চন্দ্রগ্রহণটি ভারত থেকে দেখা না গেলেও বিশ্বজুড়ে বেশ কয়েকটি অঞ্চল থেকে দৃশ্যমান হবে। বিশেষ করে যাঁরা পূর্ণিমার উপবাস পালন করেন, তাঁদের জন্য এই চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ হিন্দু ধর্ম মতে, চন্দ্রগ্রহণের উপর ভিত্তি করে বেশ কিছু কার্যকলাপকে শুভ বা অশুভ বলে মনে করা হয়।

বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)

এ বছর অর্থাৎ ২০২৬ সালের শেষ চন্দ্রগ্রহণটি ঘটবে আগামীকাল অর্থাৎ ২৮ আগস্ট। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই আংশিক চন্দ্রগ্রহণটি হবে। এই গ্রহণের সময় চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। বস্তুত, এদিন আবার পড়ছে ভাই-বোনের মেলবন্ধনের উৎসব রাখি বন্ধন (Raksha Bandhan)। তাই চন্দ্রগ্রহণটিকে বিশেষ গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে এবার। যদিও এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। তাই ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণের সময়সূচি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। পঞ্জিকা অনুযায়ী:

  • চন্দ্রগ্রহণটি শুরু হবে ভারতীয় সময় সকাল ৬:৫৫ মিনিটে।
  • আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে সকাল ৮:০৪ মিনিটে।
  • গ্রহণ সর্বোচ্চ স্তরে পৌঁছবে সকাল ৯:৪৩ মিনিটে।
  • চন্দ্রগ্রহণটি শেষ হবে দুপুর ১২:৩০ মিনিটে।

পূর্ণিমার (Rakhi Purnima 2026) উপবাস কখন পালিত হবে?

আগেই বলেছি, আগামীকাল রাখি বন্ধন বা রাখি পূর্ণিমার উপবাস পালিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হয়েছে আজ অর্থাৎ ২৭ আগস্ট সকাল ৯:০৮ মিনিটে, এবং পূর্ণিমা তিথি শেষ হবে আগামীকাল অর্থাৎ ২৮ আগস্ট সকাল ৯:৪৮ মিনিটে। সেই সূত্রে আগামীকাল উপবাস পালিত হবে। কিন্তু উপবাস বা ব্রত পালন করার জন্য অবশ্যই স্থানীয় পঞ্জিকা দেখে নেবেন। কারণ, গণনার উপর নির্ভর করে তারিখ বা সময়ে সামান্য তারতম্য হতে পারে।

কোথা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ?

ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না, অর্থাৎ ভারতে এই চন্দ্রগ্রহণ নিয়ে কোনও আচার বিধি পালন করার প্রয়োজন নেই। তবে এটি পশ্চিম এশিয়ার বেশ কিছু অংশ এবং সেইসঙ্গে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের কিছু কিছু এলাকায় দেখা যাবে। তবে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণ শুরু হওয়ার প্রায় ৯ ঘণ্টা আগে থেকে সূতককাল হিসেবে গণ্য করা হয়। তবে ভারতে এই সূতককাল প্রযোজ্য হবে না। অর্থাৎ গ্রহণ বা সূতকের কারণে ভারতে বসবাসকারী মানুষদের কোনও শুভ বা মঙ্গলময় কাজকর্ম বন্ধ করতে হবে না।

আরও পড়ুন: ফের অনেকটাই কমল সোনার দাম, রুপো কততে বিকোচ্ছে?

কিন্তু যে সমস্ত স্থানে চন্দ্রগ্রহণ দেখা যায়, সেখানকার ধর্মীয় বিশ্বাস মতে গ্রহণের সময় প্রার্থনা বা মন্ত্র জপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি এই সময় নিজ দেবতার ধ্যান বা ধর্মমন্ত্র পাঠ করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সূর্য বা চন্দ্রগ্রহণের আগে খাবার, জল কিংবা দুধে তুলসী পাতা মেশানোর প্রথা প্রচলিত রয়েছে। কিন্তু এটি শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যেই প্রচলিত। তবে যেহেতু ভারতে এই গ্রহণের প্রভাব পড়বে না, তাই এগুলির কোনও প্রয়োজন নেই।

এমনকি সবথেকে বড় ব্যাপার, আগামীকাল অর্থাৎ ২৮ আগস্ট দেশজুড়ে রাখি বন্ধন উৎসব পালিত হবে। আর ওই একই দিনে হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। কিন্তু এই গ্রহণের ফলে রাখি বন্ধন উৎসবের উপর কোনও প্রভাব পড়বে না।