বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতসেরা হয়ে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। একটা দীর্ঘ সময় কাটিয়ে প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ জিতে সেই স্বপ্ন পূরণ হয়েছে লাল হলুদের। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরেও অনিশ্চিত ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। কারণ, ISL এর নতুন সিজন নিয়ে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে এবার ইস্টবেঙ্গলের পেছনে টাকা ঢালতে নারাজ ইমামি গোষ্ঠী। সে কথা অবশ্য আগেই জানিয়ে দিয়েছিল সংস্থাটি। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় শেষ পর্যন্ত লাল হলুদে ফের বিনিয়োগ করতে রাজি হয় তারা। তবে রাজ্যে পরিবর্তিত পরিস্থিতিতে এবার আর ফুটবলের পেছনে পয়সা ঢালতে চাইছে না, ইমামি।
চ্যাম্পিয়ন হয়েও গাড্ডায় ইস্টবেঙ্গল
এবারের ইন্ডিয়ান সুপার লিগে ঝকঝকে ফুটবল দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ। মোহনবাগানের মতো দাপুটে দলকে পয়েন্ট তালিকার পেছনে রেখেই ভারত সেরার তকমা গায়ে মেখেছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। বলা যেতে পারে, একেবারে যোগ্য দল হিসেবেই ইন্ডিয়ান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান প্রতিবেশী। কিন্তু অবাক করা বিষয়, চ্যাম্পিয়ন হওয়া সত্বেও ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ এখন গাড্ডায় পড়ে!
এমনিতেই আগামী সিজেনে ইন্ডিয়ান সুপার লিগ হবে কিনা তা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে নতুন কোন সংস্থা চুক্তি করবে তা জানা নেই কারও। মাঝে একটি সংস্থার সাথে কথাবার্তা এগোলেও মাঝপথে এসে তা থমকে গিয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের মতো চ্যাম্পিয়ন দলের সঙ্গ ছাড়তে চাইছে ইমামি। কয়েকটি সূত্র মারফত খবর, গতকাল অর্থাৎ সোমবার ইএম বাইপাসের ধারের অফিসে ইস্টবেঙ্গল কর্তাদের সাথে বৈঠক হয়েছিল ইমামির। সেখানেই উপস্থিত ছিলেন লাল হলুদের প্রাক্তন সভাপতি প্রণব দাশগুপ্তও। শোনা যাচ্ছে, তাঁর সাথে ইমামি গোষ্ঠীর সম্পর্ক ভাল থাকলেও ভদ্রলোকের কথাতেও কাজ হয়নি।
অবশ্যই পড়ুন: ঘরেই বিদেশ সফর! ভারতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে T20 সিরিজের আয়োজক আফগানিস্তান
সর্বশেষ তথ্য অনুযায়ী, আর কিছুতেই ইস্টবেঙ্গলের পেছনে টাকা ঢালতে চায়না ইমামি। আসলে সংস্থাটি ফুটবল থেকেই নিজেদের সরিয়ে নিতে চাইছে। এর আগেই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তারা। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে একপ্রকার বাধ্য হয়ে ইস্টবেঙ্গলের সঙ্গ ছাড়েনি ইমামি। তবে রাজ্যে পালাবদলের পর ইস্টবেঙ্গলের গায়ে চ্যাম্পিয়ন তকমা লেগেছে। কিন্তু তাও আর কিছুতেই লাল হলুদে বিনিয়োগ করতে রাজি নয় এই স্বদেশী সংস্থা। তাতে আগামী দিনে কীভাবে ইস্টবেঙ্গল নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।










