বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ (India Vs Bangladesh)। ওপার বাংলায় অনুষ্ঠিত খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে পদ্মা পাড়ের দেশকে বড় ব্যবধানে হারিয়েছে ভারতের মহিলা হ্যান্ডবল (Hand Ball) দল। এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশেষ ম্যাচে ওপার বাংলার খেলোয়াড়দের 47 গোল খাইয়েছে ভারত। সেই সূত্রেই বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারতীয় মহিলা হ্যান্ডবল দল। নিজের দেশের এমন পরাজয় দেখে কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের হ্যান্ডবল প্রিয় মানুষজন।
হ্যান্ডবলেও বাংলাদেশকে হারাল ভারত
এদিন, ভারত বনাম বাংলাদেশ হ্যান্ডবল ম্যাচের একেবারে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ বাড়িয়ে রেখেছিল ভারতের মেয়েরা। প্রথমার্ধে দাপট দেখিয়ে একের পর এক গোল করে গিয়েছিলেন তাঁরা। প্রথম সময়ের খেলায় বাংলাদেশের জালে 24টি গোল করেছিল ভারত। অন্যদিকে বাংলাদেশ করতে পেরেছিল মাত্র 8টি গোল। বিরতির পরেও খেলার গতিতে বদল আসেনি। বরং বদলে গিয়েছিল ভারতের ভাগ্য।
পরবর্তী সময়ের খেলায় প্রতিপক্ষকে একপ্রকার আটকে দিয়ে ক্রমাগত গোল করে গেছে ভারতীয় দল। সেই সূত্রেই শেষ পর্যন্ত 47টি গোল এসেছিল দেশের ঝুলিতে। যেখানে বাংলাদেশের মেয়েরা করতে পেরেছিলেন মাত্র 13টি গোল। কাজেই 34 গোলের ব্যবধানে বাংলাদেশকে বড় পরাজয় দেখিয়েছে ভারতের মহিলা বাহিনী। যা আগামী কিছু বছর মনে থেকে যাবে ওপারের মেয়েদের।
আরও পড়ুন: মমতার হাত ছাড়তেই ইউসুফ পাঠানকে জমি উপহার দিচ্ছে গুরজাত সরকার
ভারতের কাছে এত বড় ব্যবধানে পরাজয় মেনে নিয়েছেন বাংলাদেশের কোচ আনা আলোনসো। তাঁর বক্তব্য, ‘ভারতের থেকে বর্তমানে আমরা অনেক পিছিয়ে আছি। অনেক দিক থেকেই ভারত আমাদের থেকে এগিয়ে। শারীরিক সক্ষমতা থেকে শুরু করে হ্যান্ডবলের দক্ষতা সবেতেই বড় পার্থক্য রয়েছে আমাদের মধ্যে। আর সেই সবটাই প্রকাশ পেয়েছে মাঠে।’
বাংলাদেশের কোচের দাবি, প্রত্যেক খেলোয়াড়কে নিজস্ব উদ্যোগে প্রস্তুতি সারতে হবে। কীভাবে দুর্বলতা বুঝে কাজ করতে হয়, সেটাও নিজেদের উপলব্ধি করতে হবে। সবমিলিয়ে, ভারতের কাছে হেরে নিজেদের ফাঁকফোকর ভরাট করতে মরিয়া বাংলাদেশ! এখানে বলে রাখা প্রয়োজন, এক টানা জয়ের কারণে বাংলাদেশের চলতি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে ভারতের কাছে হেরে গেলেও ফাইনালে ওঠার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছে বাংলাদেশ। আগামীকাল মালদ্বীপকে হারাতে পারলেই মহামঞ্চে পৌঁছে যাবে তারা।










