বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলে দাপট দেখানো মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira) এখন মোহনবাগানের (Mohun Bagan) ভরসার কাঁধ। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগে এসসি দিল্লির জয়ের ম্যাচে খানিকটা অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। এদিন ম্যাচ সেরা হওয়ার পরেও চোট পেয়ে বাগান সমর্থকদের চিন্তায় রেখেছিলেন মিগুয়েল। তবে এবার শোনা যাচ্ছে আপাতত সুস্থ রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন খোদ বাগান কোচ পানাইয়োটিস দিমপেরিস।
মিগুয়েলকে নিয়ে স্বস্তি মোহনবাগানে
ইন্ডিয়ান সুপার লিগে ভাল ছন্দে রয়েছে মোহনবাগান। বাগান শিবিরে এসেছে 3 পয়েন্ট। তবে দিল্লির ম্যাচের পর মোহনবাগান সমর্থকদের মাথাব্যথা বাড়িয়েছিল ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের চোট। ফের কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন ফুটবল ভক্তরা। তবে শেষ পর্যন্ত সুখবরটা দিলেন মোহনবাগানের নতুন কোচ। দিমপেরিস জানিয়ে দিলেন, এই মুহূর্তে সুস্থ রয়েছেন মিগুয়েল। মোহনবাগান কোচের কথায়, “আপাতত সুস্থ আছে মিগুয়েল। দলের ফুটবলারদের তিনদিনের ছুটি দেওয়া হয়েছে।” বাগান সূত্রে খবর, দুর্গাপুজো উপলক্ষ্যেই ছুটি দেওয়া হয়েছে বাগানের ফুটবলারদের। শোনা যাচ্ছে, কয়েকজন দেশীয় এবং বিদেশি ফুটবলারকে নিয়ে কলকাতার কিছু দুর্গা প্রতিমা দর্শন করতে বেরোতে পারেন বাগানের নতুন কোচ। ক্লাবের বেছে দেওয়া কিছু পুজো মন্ডপ ঘুরে দেখতে পারেন তাঁরা।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের পর বাংলা দল থেকেও বাদ মহম্মদ শামি!
উল্লেখ্য, দিল্লিকে হারিয়ে এবার ইন্ডিয়ান সুপার লিগে 26 অক্টোবর চেন্নাইয়িন এফসির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সন্ধ্যা সাড়ে 7টা থেকে শুরু হতে যাওয়া সেই ম্যাচ গড়াবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই আসরে দেখা যাবে মিগুয়েলকে। চোট মুক্ত হয়ে গেলে পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পড়তে পারেন অস্ট্রেলিয়ার জেমি ম্যাকলারেন।










