বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউরোপের বুকে ভারতের পতাকা ওড়াল দেশের খুদে প্রতিভারা(Minerva Academy FC)। গোথিয়া কাপের ফাইনালে উঠে ব্রাজিলের ক্লাব আরএস স্পোর্টস ইয়েলোকে গুঁড়িয়ে দিয়ে একটানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়ে গেল চন্ডিগড়ের মিনার্ভা অ্যাকাডেমির অনূর্ধ্ব 12 দল। বলাই বাহুল্য, সম্প্রতি রঞ্জিত বাজাজের এই দলটাই হেলসিঙ্কি কাপ জিতে ফুটবলে ভারতের মুখ উজ্জ্বল করেছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ইউরোপীয় কাপ জিতে ক্ষমতা প্রদর্শন করল মিনার্ভা।
ব্রাজিলের দলকে নাকানি চোবানি খাওয়ালো ভারতের ছেলেরা
সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল গোথিয়া কাপের ফাইনাল। সেখানেই ম্যাচ শুরুর 10 মিনিটের মধ্যেই প্রথম গোল করে দেয় মিনার্ভা। সাফল্য এসেছিল কিপগেন থাংসাংলেন পা থেকে। এরপর দীর্ঘ বল দখলের লড়াইকে সাক্ষী রেখে নিজেদের প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিলের ক্লাব। পরবর্তীতে 49 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে নিজেদের এগিয়ে নেয় ভারতীয় দল।
এদিন, প্রথম গোলের পর মিনার্ভাকে এগিয়ে দিতে দ্বিতীয় গোলটি এসেছিল মেখামখরাও নংরেমের দুর্দান্ত ফ্রি কিক থেকে। ম্যাচে ব্যবধান বাড়িয়েই নিজেদের রক্ষণ একেবারে আঁটসাঁট করে ফেলেছিল ভারতের দলটি। তাতে হাজারো চেষ্টা করেও গোল করার সুযোগ করতে পারেনি ব্রাজিলিয়ান দল। আর সেটাই লিখে দিয়েছিল ম্যাচের ভাগ্য। ফলে সহজেই 2-1 ব্যবধানে জিতে যায় মিনার্ভা।
অবশ্যই পড়ুন: “ওরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব” ‘বেইমানদের’ চ্যালেঞ্জ অভিষেকের
বলে রাখা প্রয়োজন, গোটা টুর্নামেন্টেই দাপট দেখিয়েছে রঞ্জিত বাজাজ বাহিনী। গ্রুপ পর্বে ইংল্যান্ডের স্কুলস পুমাস ব্লুকে 12-0 গোলে হারিয়েছিল তারা। এছাড়াও নরওয়ের লিলেস্ট্রম এসকে-৩-কেও 13-1 গোলের বিরাট ব্যবধানে হারিয়েছে মিনার্ভা অ্যাকাডেমি। পাশাপাশি সুইডেনের সুরতে আইএস এফকে হেরেছে 16-0 ব্যবধানে। এভাবেই একের পর এক দেশের ক্লাবকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পোক্ত করেছিল রঞ্জিতের দল। সেখান থেকেই অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দ্বিতীয় ট্রফি কাঁধে তুলল তাঁরা।










