বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানে (Mohun Bagan Super Giant) নাকি গুরুত্ব কমছে অধিনায়ক শুভাশিস বসুর (Subhasish Bose)। সম্প্রতি এমন খবরই ভেসে এসেছিল কয়েকটি সংবাদমাধ্যমে। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, ধীরে ধীরে বাগান ব্রিগেডে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন বাঙালি ফুটবলার শুভাশিস। জাতীয় দলেও বল পায়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। মূলত সে কারণেই খেলোয়াড়ের পারফরমেন্সের দিকে নজর রেখে হয়তো বড় সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। ছেড়ে দেওয়া হতে পারে শুভাশিস বসুকে। আর যদি সেটা হয় সে ক্ষেত্রে কাকে অধিনায়ক করবে বাগান?
মোহনবাগানে শুভাশিস বসু না থাকলে অধিনায়ক কে?
সাম্প্রতিক সময় মোহনবাগানের হয়ে সেভাবে নিজের পুরনো সত্তাকে মেলে ধরতে পারছেন না শুভাশিস বসু। বাগানের কয়েকটি সূত্র বলছে, দিন দিন এই বাঙালি ফুটবলারের গুরুত্ব কমছে দলে! সবুজ মেরুনের লেফট ব্যাককে নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। বিশেষ করে নতুন কোচ যেভাবে দল গড়তে চাইছেন সেই পরিকল্পনার সাথে নাকি শুভাশিসের পারফরমেন্স খুব একটা খাপ খাচ্ছে না!
বলাই বাহুল্য, ইস্টবেঙ্গলের কাছে গত ডুরান্ড কাপের ডার্বিতে ধরাশায়ী হয়ে যাওয়ার পর থেকেই ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। সেক্ষেত্রে উন্নত দল গড়তে সাম্প্রতিক সময়ে ফুটবল পায়ে বেসুরো হয়ে থাকা শুভাশিসকে যদি শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট ছেড়ে দেয় সেক্ষেত্রে কার উপর ভরসা রাখবে? কে হবেন মোহনবাগানের নতুন অধিনায়ক? এই সংক্রান্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত মোহনবাগান ম্যানেজমেন্টের তরফে নেওয়া না হলেও বাগানের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভেসে আসছে একটি বড় নাম।
আরও পড়ুন: নিজের ৪৫.৭ কেজি ওজন হলেও তুললেন ১৪০ কেজি, দেশের হয়ে রূপো জয় বাংলার মেয়ের
কিছু সূত্র মারফত জানা যাচ্ছ, শুভাশিস বসু না থাকলে মোহনবাগানকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে সিনিয়ররিটি বা অভিজ্ঞতা, ভারতীয় খেলোয়াড় হিসেবে গ্রহণযোগ্যতা এবং মাঠে প্রভাব এই বিষয়গুলিকে মাথায় রেখে নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হতে পারে অনিরুদ্ধ থাপার। কারণ, জাতীয় দলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলার। তাছাড়াও মাঝ মাঠ থেকে গোটা দলের খেলা নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। বিশেষ করে চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে এই ভারতীয় তারকার। এছাড়াও ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত হওয়ার সাথে সাথে গোল করে দলের শক্তি বাড়াতে পারেন অনিরুদ্ধ। সে কারণেই হয়তো এই প্লেয়ারের দিকে চোখ যেতে পারে বাগান ব্রিগেডের। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়!










