অধিনায়ক শুভাশিস বসুকে বিদায় জানাতে পারে মোহনবাগান, বিকল্প কে?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করেছে মোহনবাগান (Mohun Bagan)। চির প্রতিদ্বন্দ্বীর কাছে এভাবে অপদস্ত হতে হবে সেটা বোধহয় ভেবেই উঠতে পারেননি সবুজ মেরুনের নতুন কোচ পানাগিওটিস ডিলমপেরিস। তবে মশাল সেনার কাছে ধাক্কা খেয়ে ফের ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে বাগান (Mohun Bagan News)। গ্রিক কোচের তত্ত্বাবধানে ধীরে ধীরে শক্তি বাড়ছে গঙ্গা পাড়ের দলটির। এমতাবস্থায় শোনা গেল, হয়তো খুব শীঘ্রই অধিনায়ক শুভাশিস বসুকে (Subhasish Bose) ছেড়ে দিতে পারে বাগান ব্রিগেড! কিন্তু কেন?

অধিনায়ক শুভাশিসকে বিদায় জানাবে মোহনবাগান?

চলছে কলকাতা লিগ। অন্যান্য সময়ে এই ঘরোয়া লিগে বিশেষ নজর না থাকলেও এবছর শহরের এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে যথেষ্ট চিন্তিত মোহনবাগান। এই লিগের ডার্বিতে সমস্ত হিসেব-নিকেশ চুকিয়ে দিতে মূলত সিনিয়র ফুটবলারদের খেলানোর কথা ভাবছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই মর্মে, রেজিস্ট্রেশন করানো হয়েছে আপুইয়া, ছাংতে সহ একাধিক ফুটবলারের। এখানেই শেষ নয়, বাগানের নতুন বিদেশী লি আরউইনও ইতিমধ্যেই শহরে পা রেখেছেন। তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা করছেন বাগান।

জানা যাচ্ছে, IFA শিল্ডের আগে জেমি ম্যাকলারেন, মিগুয়েল, ছাংতে সহ ষষ্ঠ বিদেশী ফুটবলারকে পুরোপুরি তৈরি করতে চাইছেন মোহনবাগানের নতুন কোচ। তবে সূত্র মারফত যা খবর, বাগানের বর্তমান অধিনায়ক লেফট ব্যাক শুভাশিস বসুর উপর আর ভরসা করতে পারছে না ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে বাগানের হয়ে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে সবুজ মেরুন। সেই মতোই নাকি শুরু হয়ে গিয়েছে বিকল্পের সন্ধানও।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগ, হাইকোর্টে আবেদন করেও প্রত্যাহার করলেন ইউসুফ পাঠান

বাগানের একটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, ইস্টবেঙ্গলের কাছে ডার্বিতে বেহাল দশার পর ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া মোহনবাগান ম্যানেজমেন্ট। সেজন্যই আর দলে কোনও রকম দুর্বলতা রাখতে চাইছে না তারা। হয়তো সেই সূত্র ধরেই শুভাশিস বসুকে বাগান শিবির ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে, তাঁর বিকল্প হিসেবে মোহনবাগানের মুকুট মাথায় তুলতে পারেন অন্য কোনও যোগ্য ফুটবলার। যদিও সেই বিকল্প ফুটবলারের নাম এখনও প্রকাশ্যে আসেনি।