সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ডিজিটাল মানচিত্রে এবার নতুন বিপ্লব আনতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio)। হ্যাঁ, এবার গুগল ম্যাপের (Google Map) একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব লোকেশন ইনটেলিজেন্স JioXplor নিয়ে আসছে সংস্থা। এর লক্ষ্য হল- ভারতের জটিল ঠিকানা, আর অলিগলির পথগুলিকে নির্ভুল ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে আসা। কী কী কাজ করবে এই প্রযুক্তি? জানুন বিস্তারিত।
কেন আলাদা এই JioXplor?
আসলে সাধারণ ম্যাপিং সার্ভিসের তুলনায় জিওর এই নতুন প্ল্যাটফর্মটি অনেক বেশি উন্নত হবে বলেই দাবি করা হচ্ছে। এর প্রধান শক্তির উৎস হল জিওর বিশাল টেলিকম নেটওয়ার্ক। কোটি কোটি গ্রাহক কীভাবে চলাচল করছে, আর কোথায় কোথায় কানেক্ট হচ্ছে সেই বিশাল ডেটা ভান্ডার ব্যবহার করে JioXplor, যা গুগল ম্যাপের থেকেও নির্ভুল ও কনটেক্সট-অ্যাওয়ার তথ্য দিতে পারবে। এমনকি ভারতের অলিগলি বা বাড়ির ঠিকানা অনেক সময় বিদেশী অ্যাপের কাছে জটিল হয়ে দাঁড়ায়। তবে জিও এক্সপ্লোর বিশেষভাবে ভারতের ভৌগলিক পরিস্থিতি আর পরিকাঠামোর কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে।
তবে Jio এক্সপ্লোর কেবল ঠিকানার সন্ধান দেবে না, বরং এটি ডিজিটাল যাতায়াতের ধরনকেই বদলে যাবে বলে জানাচ্ছে রিলায়েন্স জিও। এর প্রধান সুবিধাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—
- ই-কমার্স বা ফুড ডেলিভারি বয়দের আর বাড়ি খুঁজতে গলিতে গলিতে ঘুরপাক খেতে হবে না, বরং অনলাইন শপিংয়ের পণ্য সরাসরি আপনার দরজায় পৌঁছে যাবে।
- স্কুল বাস থেকে শুরু করে ক্যাব বা লজিস্টিক সার্ভিসের প্রতিটি মুহূর্তে সঠিক অবস্থান জানা যাবে এই অ্যাপের মাধ্যমে।
- ট্র্যাফিক জ্যাম এড়িয়ে সেরা রুট খুঁজে বের করা আর যাত্রাপথতকে সহজ করার জন্য স্মার্ট সাজেশন দেবে এই অ্যাপ।
- ব্যবসার ক্ষেত্রে পণ্য পরিবহনের খরচ অনেকটাই কমাবে, এবং নির্দিষ্ট এলাকার উপর নজরদারি চালাতে এই প্রযুক্তি গেম চেঞ্জার হতে চলেছে।
আরও পড়ুন: প্রকাশ্যে রাজ্যে JECA 2026 পরীক্ষার দিন, কীভাবে আবেদন সহ জানুন খুঁটিনাটি তথ্য
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত ভারতের বেশিরভাগ ডিজিটাল স্টার্টআপ বা ডেলিভারি অ্যাপগুলি গুগল ম্যাপের উপরে নির্ভরশীল ছিল। যার জন্য তাদের বিপুল পরিমাণ ফিও দিতে হয়। আর JioXplor চালু হলে ভারতীয় সংস্থাগুলির আর বিদেশি অ্যাপের উপর নির্ভর করতে হবে না, বরং দেশের নিজস্ব পরিকাঠামো ব্যবহার করতে পারবে।












