সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বাজারে প্রথম ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেল নিয়ে এল Yamaha। সংস্থাটি আনুষ্ঠানিকভাবেই Yamaha FZ Blue Flex E85 মডেল লঞ্চ করেছে, যার এক্স শোরুম দাম মাত্র 1.24 লক্ষ টাকা। গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি E20 থেকে E85 পর্যন্ত বিভিন্ন মাত্রার ইথানল মিশ্রিত পেট্রোল জ্বালানির মাধ্যমে চলতে পারে। এমনকি পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে আরও একধাপ এগিয়ে নতুন মডেলের মাধ্যমে ভারতে ফ্লেক্স ফুয়েল মোটরসাইকেলের বাজারে প্রবেশ করে ফেলল Yamaha।
দুই ধরনের জ্বালানিতেই চলবে গাড়ি
Yamaha FZ Blue Flex E85 মডেলের সবথেকে বড় আকর্ষণ হল এর ফ্লেক্স ফুয়েল প্রযুক্তি। অর্থাৎ, এই মোটরসাইকেলটি 20 শতাংশ থেকে 85 শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করে চলতে পারবে। যার ফলে ভবিষ্যতে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়লে এই বাইক নিয়ে কোনও রকম সমস্যা হবে না।
ফিচার্স কী কী রয়েছে?
নতুন FZ Blue Flex E85 মডেলে রয়েছে 149 সিসির একটি এয়ারকুল্ড ফুয়েল ইনফেক্টিভ ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 11.5 bhp শক্তি এবং 12.8 Nm টর্ক উৎপন্ন হয়। এমনকি ইঞ্জিনের সঙ্গে যুক্ত করা হয়েছে 5-স্পিড গিয়ার বক্স। Yamaha এর এই ইঞ্জিন দীর্ঘদিন ধরে উন্নত পারফরমেন্স এবং নির্ভরযোগ্যতার জন্যই পরিচিত। কিন্তু E85 জ্বালানি ব্যবহার করলে E20 এর তুলনায় কিছুটা কম মাইলেজ পাওয়া যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: আরও এক দেশে চালু হচ্ছে ভারতের UPI, জানালেন প্রধানমন্ত্রী
যদিও ডিজাইনের দিক থেকে সেরকম কোনও পরিবর্তন আনেনি Yamaha। গাড়িটিতে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক সাসপেনশন, পরিচিত FZ স্টাইলিং, একই চ্যাসিস ও বডি ডিজাইনের মতো উন্নত মানের ফিচার্স রয়েছে। অর্থাৎ, নতুন প্রযুক্তি যুক্ত হলেও বাইকের চেনা ডিজাইন বজায় রাখা হচ্ছে। আর Yamaha জানিয়েছে, FZ Blue Flex E85 বাইকটি আপাতত Metallic Black রঙেই উপলব্ধ থাকবে। এমনকি ভারতের সমস্ত জায়গায় নয়, বরং প্রাথমিকভাবে নির্বাচিত Yamaha Blue Square ডিলারশিপের মাধ্যমে বাইক কেনা যাবে। সেক্ষেত্রে প্রথমে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যগুলিতে এই বাইক বিক্রি শুরু হবে বলেই জানানো হয়েছে।










