সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে ক্রমশই বদলাচ্ছে বাংলার আবহাওয়া। আবহাওয়ার মতিগতি মোটেই সুবিধের ঠেকছে না আবহাওয়াবিদদের। বিভিন্ন আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আচমকাই বদলে যেতে পারে বাংলা সহ বিভিন্ন জায়গার আবহাওয়া। শীত শীত আবহাওয়া দেখে ভাবছেন আর বৃষ্টি হবে না? সেগুড়ে বালি। সূত্রের খবর, বঙ্গোপসাগরে নতুন করে একাধিক সিস্টেম তৈরি হচ্ছে, যার ফলে আগামীকাল থেকে পুজোর কয়েকটা দিন বাংলায় ভালো মতো বৃষ্টির (Weather Tomorrow) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা!
বর্ষার বিদায় অব্যাহত রয়েছে। দেশের অনেক অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পূর্ব ভারত, উত্তর উপদ্বীপ এবং উত্তর-পূর্বের কিছু এলাকা থেকে বর্ষার বিদায়ের জন্য পরিস্থিতি অনুকূল হচ্ছে। কিন্তু বর্ষার বিদায় মানেই বৃষ্টি থেকে মুক্তি নয়। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, অনেক রাজ্যে বৃষ্টি ও প্রবল হাওয়া অব্যাহত থাকতে পারে। বঙ্গোপসাগরে একটি নতুন আবহাওয়া ব্যবস্থা তৈরির লক্ষণও দেখা যাচ্ছে। এর ফলে আগামী দিনগুলিতে পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। উত্তর প্রদেশ এবং বিহার সহ অনেক রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। সবথেকে বেশি নজরে রয়েছে বাংলার আবহাওয়ার ওপর।
আগামীকালের আবহাওয়া
এখন প্রশ্ন, কেমন থাকবে আগামীকাল অর্থাৎ সোমবারের আবহাওয়া? দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জেরেই সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামীকাল বাংলার আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও বাংলার আবহাওয়ার ভোলবদল হওয়ার সম্ভাবনা রয়েছে ১৪ অক্টোবর থেকে।
এদিন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় এদিন তেড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোতে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না কিন্তু।










