সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপের প্রভাবে একটানা বৃষ্টি হয়েই চলেছে বাংলায়। থামার যেন নাম নেই। এদিকে বৃষ্টির জেরে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে। জনজীবন একপ্রকার ব্যাহত হয়ে পড়েছে যেন। তবে এখানেই শেষ নয়, আপাতত বাংলাজুড়ে এই দুর্যোগ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস (Weather Today) জারি করল আবহাওয়া অফিস। স্পেশাল বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তর উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার ফলে আজ বুধবার সারাদিন কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। যদিও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির চলবে কলকাতা, হাওড়া সহ বাদবাকি জেলাগুলিতেও।
ঘূর্ণাবর্তের প্রভাবে ২৯ আগস্ট ২০২৬ তারিখে ভারতীয় সময় ভোর ০৩টা ৩০ মিনিটে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের উপর একটি নিম্নচাপ এলাকা সৃষ্টি হয়। নিম্নচাপ এলাকাটি একই অঞ্চলের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামী কয়েক ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় বর্তমানে মৌসুমি অক্ষরেখাটি অমৃতসর, নাজিবাবাদ, হারদোই, সুলতানপুর, ডালটনগঞ্জ, পুরুলিয়া, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্রের মধ্য দিয়ে অগ্রসর হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে মধ্য-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ভারী বর্ষণের জন্য এদিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন দক্ষিণবঙ্গের হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলী, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের কথা বললে, এদিন আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।










