সহেলি মিত্র, কলকাতা: নিম্নচাপের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। বর্তমানে নিম্নচাপ অঞ্চলটি ঝাড়খণ্ড–পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকার কাছাকাছি অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেও দক্ষিণবঙ্গ জুড়ে এখনও পর্যন্ত সেভাবে বিস্তৃত বা উল্লেখযোগ্য বৃষ্টিপাতের দেখা মিলছে না। এদিকে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় আকাশ প্রধানত পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ শনিবার থেকে বাংলার আবহাওয়া (Weather Today) আমূল বদলে যাবে। কোথাও ভারী তো আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ শনিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
বর্তমানে নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের দাপট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ভারী থেকে অতি ভারী, এমনকি অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং কোচবিহার জেলায়। এছাড়াও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
রবিবার ছুটির দিনে রীতিমতো তাণ্ডব শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন প্রথমেই উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া সম্পর্কে বললে, অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ এবং কোচবিহার জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, ছুটির দিনে মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়।










