ফুঁসছে নিম্নচাপ, ২ জেলায় লাল সতর্কতা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপ থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি কই? এখন সকলের মুখে এই একটাই কথা। উত্তরবঙ্গে আকাশ কাঁপানো ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন দেখা নেই। সেইসঙ্গে গরমের দাপট তো রয়েইছে। আবহাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তা উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। প্রশ্ন উঠছে, এর প্রভাবে আজ রবিবার থেকে কি বদল ঘটবে বাংলার আবহাওয়ার? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।

উল্লেখযোগ্য আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর, করর্ণাল, হারদোই, রাঁচি ও দিঘার ওপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবধি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আজ রবিবার অতি ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং জেলায়। এছাড়াও ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি চলবে উত্তর দিনাজপুর জেলায়। দক্ষিণবঙ্গের কথা বললে, সোমবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি রয়েছে নদীয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।