সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিন, ব্যস তারপরেই নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ (Low Pressure) তৈরির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যদিও এর প্রভাব বাংলায় পড়বে কিনা তা নিয়ে এখনই জোর দিয়ে কিছু বলতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এদিকে আজ অষ্টমীর দিন বাংলার বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে কোনও কাজে বেরনোর আগে বা ঠাকুর দেখতে যাওয়ার আগে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তামিলনাড়ুর দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন থেকে একটি নিম্নচাপ রেখা ওড়িশা উপকূলের নিকটবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। যদিও বিভিন্ন আবহাওয়া মডেল পূর্বাভাস দিয়েছে যে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৫-২৬ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর প্রভাব, দিক এবং তীব্রতা কতটা হবে সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মায়ের কৃপায় ধনসম্পত্তিতে ফুলে উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ১৮ অক্টোবর
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে সোমবারের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শুরুতে বাংলায় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।










