সহেলি মিত্র, কলকাতাঃ ঘূর্ণাবর্ত, নিম্নচাপ থাকলেও ঘর্মাক্ত গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। আবহাওয়া অফিসের তরফে জানানো (Weather Today) হয়েছে, বর্তমানে বাংলা থেকে নিম্নচাপ বেশ খানিকটা দূরে অবস্থান করছে। আজ বুধবার থেকে আগামী কয়েক দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। সমুদ্র থেকে প্রচুর জলীয়বাষ্প প্রবেশের ফলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ছে। এর জেরে বেশ কিছু অঞ্চলে অস্বস্তিকর ও ঘর্মাক্ত গরমের অনুভূতি হতে পারে। যদিও ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং স্থানবিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সারাদিন বাংলা সহ সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বুলেটিন জারি করে জানানো হয়েছে, বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বর্তমান আবহাওয়া সম্পর্কে বললে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার উপর অবস্থানরত নিম্নচাপ বলয়টি ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৫.৮ কিমি পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ দিকে হেলে রয়েছে। সিস্টেমটি আগামী ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বুধবার ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট অব্যাহত থাকবে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, শাহজাহানপুর, বারাণসী, ঝাড়খণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থানরত নিম্নচাপ বলয়ের কেন্দ্র এবং দীঘা হয়ে সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা থেকে ৪.৫ কিমি পর্যন্ত বিস্তৃত।
আগামীকালের আবহাওয়া
কেমন থাকবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়া? আলিপুর মৌসম ভবন জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে, এদিন কোচবিহারের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।










