সহেলি মিত্র, কলকাতাঃ পূর্বাভাস মতোই পুজোর দিনগুলিতে বৃষ্টি হচ্ছে বাংলায়। এদিকে আজ অষ্টমী। এদিনও কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির (Weather Today) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে আজ অষ্টমী দিতে যাওয়ার সময় বা বিকেলে বেরনোর সময়ে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বিভিন্ন আবহাওয়া মডেল পূর্বাভাস দিয়েছে যে এই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সঞ্চালন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ২৫-২৬ অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে এর প্রভাব, দিক এবং তীব্রতা কতটা হবে সে সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ TRAI-র নতুন নিয়মের জের, Airtel আনল শুধু কলিংয়ের সস্তার প্ল্যান, জানুন দাম
আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। যদিও পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর থাকবে আবহাওয়া বিজ্ঞানীদের। এদিকে আইএমডি-এর বুলেটিন অনুসারে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ২৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৮ অক্টোবর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।










