সহেলি মিত্র, কলকাতা: অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়ার দফতরের পূর্বাভাস। দুর্গাপুজোর মাঝেই বৃষ্টি শুরু হল বাংলায়। একদম। পূর্বাভাস মতোই কলকাতা ও সংলগ্ন এলাকার আশেপাশে শক্তিশালী বজ্রগর্ভ মেঘের সঞ্চার হল। সেইসঙ্গে ঘূর্ণাবর্ত তো রয়েছেই। ফলে সব মিলিয়ে বাংলায় নতুন করে বৃষ্টির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বৃষ্টির (Weather Today) ভ্রূকুটি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সেই সম্পর্কে আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের অবশিষ্ট অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় এবং একইসঙ্গে দক্ষিণ উপদ্বীপীয় ভারতে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বৃষ্টিপাত শুরু হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আজ মোটের ওপর উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ কোনওরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর।
আগামীকালের আবহাওয়া
শুক্রবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দক্ষিণবঙ্গের কথা বললে এদিনও প্রতিটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।










