SSKM-র সব অন্তর্বিভাগ হবে শীতাতপ নিয়ন্ত্রিত, বাড়ছে বেড সংখ্যাও, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Published:

SSKM Hospital

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদলের পর শিক্ষা, স্বাস্থ্য,  আইন-শৃঙ্খলা – এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নতির জন্য নানা পদক্ষেপ নিচ্ছে নয়া বিজেপি সরকার। এবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) সমস্ত অন্তর্বিভাগকে রোগীদের স্বাচ্ছন্দের কথা ভেবে শীতাতপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। জানা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশ পেয়েই এবিষয়ে কাজ শুরু করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, কয়েকটি ধাপে সম্পূর্ণ হাসপাতালকেই শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়াও এসএসকেএমে একটি আলাদা ক্রিটিকাল কেয়ার ব্লক নির্মাণ করা হচ্ছে বলেও জানা গেছে। আগামী দিনে হাসপাতালে বাড়ানো হবে বেডের সংখ্যা। 

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই কাজ শুরু

গত ৪ জুন এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওইদিন তিনি পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি রোগী-স্বাচ্ছন্দ্য নিয়েও বক্তব্য রাখেন। বৈঠকে হাসপাতালের সমস্ত অন্তর্বিভাগ বা আইপিডি (IPD)-কে সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত করার নির্দেশ দেন কর্তৃপক্ষকে। বর্তমানে এসএসকেএম হাসপাতালের ৪২টি ভবনে বিভিন্ন বিভাগের অন্তর্বিভাগ আছে, যেখানে রোগীসজ্জার বন্দোবস্ত রয়েছে। পূর্ত দফতর (PWD) ইতিমধ্যেই প্রথম ধাপে প্রতিটি ভবনের উপরের তলায় এসি (AC) বসানোর জন্য কত খরচ হবে, তার হিসেব শুরু করে দিয়েছে।

নতুন সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে শুভেন্দু অধিকারী সর্বপ্রথম এসএসকেএমে গিয়ে বৈঠক করেছিলেন স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সাথে। সেখানে তিনি হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশও দেন। এরপর এসএসকেএম হাসপাতালে ২৫টি ও এর অ্যানেক্স বিল্ডিং পুলিশ হাসপাতালে ৫০টি এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ২৫টি, অর্থাৎ মোট ১০০টি বেড বেড়েছে। সম্প্রতি স্বাস্থ্য ভবনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, দুর্গাপূজার মধ্যে এসএসকেএমে বেড সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, ওই হাসপাতালে ক্রিটিকাল কেয়ার বা আইসিসিইউ-এর বেড বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ২০২৭-র মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পর্ষদ, কোন বিষয় কবে দেখুন

প্রসঙ্গত, এসএসকেএমের মেন ব্লক, ট্রমা কেয়ার, কার্ডিয়োলজি, রেসপিরেটরি মেডিসিন, কার্ডিয়ো-থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি-সহ অন্যান্য বিভাগের সিসিইউ এবং আইসিসিইউ মিলিয়ে মোট শয্যা সংখ্যা ১১২। কিন্তু রোগীর যা চাপ, তাতে এই সংখ্যক বেডে কুলায় না। সেই দিক বিচার করেই আপাতত আরও ৫০টি শয্যা বাড়ানোর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, শুধু ক্রিটিকাল কেয়ার ব্লক হিসেবে কলকাতা পুলিশ হাসপাতালে তিনতলা বিল্ডিং তৈরি হয়েছে।  সেখানে যে কোনও বিভাগের সঙ্কটজনক রোগীকেই পরিষেবা দেওয়া হবে। অন্য দিকে, আরও বেশি রোগীকে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে এসএসকেএমের জরুরি (Emergency) বিভাগকেও বাড়ানো হচ্ছে। দোতলা জরুরি বিভাগ নির্মাণের জন্য পিডাব্লিউডি খরচের হিসাব তৈরি করা শুরু করছে।