প্রীতি পোদ্দার, কলকাতা: প্রথমা থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে একের পর এক প্যান্ডেল উদ্বোধন। মায়ের আগমনে চারিদিকে যেন আনন্দের উৎসব শুরু হয়েছে। জাতি, ধর্ম, ধনী, দরিদ্রের ভেদাভেদ ভুলে এই উৎসবে সামিল হয়েছেন সকলেই। আর এই আনন্দ উৎসবের মাঝেই এক মানবিক উদ্যোগ নিলেন বিধায়ক পার্থ ঘোষ (MLA Partha Ghosh)। অন্ডালে (Andal) বিশেষ চাহিদাসম্পন্নদের দিয়ে উদ্বোধন করলেন দুর্গাপুজোর প্যান্ডেল।
অন্ডালে দুর্গাপুজোর প্যান্ডেল উদ্বোধন
সাধারণত পুজোর মণ্ডপ উদ্বোধনে হয় কোনো জনপ্রতিনিধি, সেলিব্রেটি বা নেতা মন্ত্রীদের হাত ধরে কিন্তু এবার সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে এক মহান উদ্যোগ নিলেন বিধায়ক পার্থ ঘোষ। বিশেষ চাহিদাসম্পন্নদের দিয়ে প্যান্ডেল উদ্বোধনের সিদ্ধান্ত নিলেন তিনি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল চতুর্থীর দিন, আসানসোলের অন্ডালে দুর্গা পুজোর প্যান্ডেল উদ্বোধনের জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল বিধায়ক পার্থ ঘোষকে। সেই অনুষ্ঠানে তিনি বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে দড়ি কেটে প্যান্ডেল উদ্বোধন করেন বিধায়ক।
কী বলছেন বিধায়ক পার্থ ঘোষ?
বিধায়ক পার্থ ঘোষের এই অভিনব উদ্যোগকে সকলেই বেশ প্রশংসার নজরে দেখেছেন। তিনি জানিয়েছেন, “ উৎসবের আনন্দে প্রত্যেকের সমান অংশগ্রহণের সুযোগ রয়েছে, কারণ এই উৎসব সর্বজনীন। দুর্গাপুজো শুধু যে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তা নয়, এই উৎসব মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও দৃঢ় করে, সামাজিক বন্ধনকে মজবুত করে তোলে।” এদিন পুজো উদ্বোধনের পরে বাচ্চাদের হাতে চকলেট তুলে দেওয়া হয়। শুধু তাই নয় বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: দুর্ঘটনা থেকে শিক্ষা! চিংড়িঘাটা উড়ালপুল জুড়ে বসানো হল ফাইবার পিভার ব্লক
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধায়ক পার্থ ঘোষের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেপালি ধাওড়া এলাকায় ৬৮ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিয়েছিলেন। তিনি এও আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই বিদ্যুতের পোলের কাজ শেষ হলে নেপালি ধাওড়ার বাকি বাড়িগুলোতে পৌঁছে যাবে বিদ্যুৎ সংযোগ। এদিকে প্রায় পাঁচ দশক পর ঘরে আলো ফিরে আসতেই খুশিতে ডগমগ এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, এতদিন বিদ্যুৎ পরিষেবার অভাবে দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে পড়াশোনা সব ক্ষেত্রেই সমস্যার মুখে পড়তে হচ্ছিল। কিন্তু এখন সেই সমস্যা অনেকটাই মিটেছে।










