বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে প্রতিশ্রুতি পালন করেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ প্রকল্পের টাকা। তবে রাজ্যের একটা বড় অংশের মহিলার অভিযোগ, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও সরকারের মাসিক ভাতা পাচ্ছেন না। আবেদন করার পরেও স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখানোর পর ফর ফাদার ভেরিফিকেশন দেখাচ্ছে। এমতাবস্থায়, অন্নপূর্ণা যোজনা নিয়ে উঠে আসছে নতুন আপডেট! সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না এলেও কয়েকটি সূত্র বলছে, যেসব মহিলার স্ট্যাটাস গত আগস্ট মাসে আন্ডার প্রসেস ছিল, তাঁদের নাকি পুনরায় নথিপত্র জমা করতে হবে!
আবারও কাগজপত্র জমা দিতে হবে এই মহিলাদের!
গত আগস্ট মাসের 17 তারিখ অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকা পেয়ে গিয়েছেন বহু যোগ্য মহিলা। সরকারি প্রকল্পের অর্থ পাওয়ার পর অনেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে রাজ্যেরই আরেকাংশ বলছে, তাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি কোনও টাকা। ফলে, তাঁরা প্রত্যেকেই চিন্তিত ঠিক কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার মাসিক অর্থ। এহেন আবহে শোনা যাচ্ছে নতুন খবর!
কয়েকটি সূত্র দাবি করছে, যে সমস্ত আবেদনকারীর অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস গত মাসে অর্থাৎ আগস্টে আন্ডার প্রসেস দেখিয়েছিল খুব সম্ভবত তাঁদেরকেই নিকটবর্তী ব্লক অফিস বা ICDS কর্মীদের কাছে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হতে পারে। নতুন করে কাগজপত্র জমা দেওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে নাকি পুনরায় করা হবে ভেরিফিকেশন। তারপরেই যোগ্যদের ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু করবে সরকার! যদিও এই খবরের সত্যতা যাচাই করিনি আমরা। সরকারের তরফেও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: রেশনে এবার চাল-গমের সঙ্গে কমদামে মিলবে বহু প্রয়োজনীয় জিনিস, বড় সিদ্ধান্ত সরকারের
উল্লেখ্য, এর আগে অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখিয়েছিলেন মহিলারা। এমনকি রাজ্যের মন্ত্রী অগ্নি মিত্রা পালকেও ঘেরাও পড়তে দেখা গিয়েছিল মহিলাদের! যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে জানিয়েছিলেন, যোগ্য কোনও মহিলাকেই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হবে না।










