দশমীর রাতে বিসর্জনকে কেন্দ্র করে অশান্তি আরামবাগে! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের

Published:

Arambagh

প্রীতি পোদ্দার, কলকাতা: শারদোৎসবের আনন্দ ও সিঁদুর খেলার উচ্ছ্বাসের মাঝেই তুমুল অশান্তি আরামবাগে (Arambagh)। জানা গিয়েছে দশমীর (Dashami) বিসর্জনকে ঘিরে লাঠিসোঁটা নিয়ে মারধর, ভাঙচুরের অভিযোগ উঠল বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে। পরিস্থিতি এতটাই ভয়ংকর রূপ (Arambagh Violence) ধারণ করে শেষপর্যন্ত ময়দানে নামে পুলিশবাহিনী। মারামারি বন্ধ করতে পুলিশের লাঠিচার্জ শুরু হয়, আটক হন বেশ কয়েকজন। ইতিমধ্যেই সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ভর্তি একজন।

বিসর্জনকে কেন্দ্র করে ধুন্ধুমার আরামবাগে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল বুধবার দশমীর রাতে আরামবাগের সতীতলা এলাকায় বিসর্জনকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল শুরু হয়। অভিযোগ বিসর্জনের পরেই বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ প্রতিবারই নাকি বাঁধপাড়ার ছেলেরা বিসর্জনের সময় ঝামেলা করে। এবারেও একই ঘটনা ঘটায় তাঁরা। মাঝরাতে আচমকা ভূমিজপাড়ার সঙ্গে ঝামেলা শুরু করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সংঘর্ষের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। লাঠি, বাঁশ দিয়ে মারামারি শুরু হতেই আহত হন আশেপাশের একাধিক। শেষে মারামারি থামাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে

লাঠিচার্জ করে পুলিশ

শুধু আরামবাগ নয়, দশমীর বিসর্জনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির খবর সামনে উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হল আরামবাগ। স্থানীয় মহিলারাও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। দু’পক্ষের মধ্যে মারধরের পাশাপাশি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এক মহিলার হাত কেটে অনেক রক্ত ঝরেছে বলে অভিযোগ। পুলিশ এসে প্রথমে আলোচনার মাধ্যমে মিটমাট করানোর চেষ্টা করলেও কিছু হয়নি, শেষে পরিস্থিতি বুঝে লাঠি নিয়ে ময়দানে নামে রক্ষা বাহিনী। তবে ঠিক কী বিষয়ে ঝামেলা ও অশান্তি শুরু হয়েছে সেই নিয়ে এখনো পর্যন্ত সঠিক কোন তথ্য প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: দশমীর রাতে দত্তপুকুরে বিস্ফোরক উদ্ধার, আটক গাড়ির মালিক, তদন্তে NIA

অন্যদিকে দশমীর দিন পথ দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, সেখানকার রায়না থানার সেহারা গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারায় পাঁচ জন। গতকাল সকালে একটি বাইকে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। মাঝপথে বাইকে পেট্রোল ভরার জন্য বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের মিরেপোতা জহুরী পুকুর সংলগ্ন একটি পেট্রোল পাম্পের দিকে তাঁরা গাড়িটি ঘোরাতে যান। ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুতগামী বর্ধমানমুখী লরি সজোরে ধাক্কা মারে বাইকটিকে। পুলিশ ঘাতক লরি ও ক্ষতিগ্রস্ত বাইকটি বাজেয়াপ্ত করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

google button