মেসি কাণ্ডে গ্রেফতার হওয়ার আশঙ্কায় অগ্রিম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের!

Published:

Aroop Biswas

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে পালাবদল হতেই খুলেছে মেসি কাণ্ডের ফাইল। সেই সাথে যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। গত 17 মে, বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে FIR দায়ের করেন মেসিকে ভারতে আনার নেপথ্যে মূল কারিগর। এবার সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী! সেই আশঙ্কা থেকেই এবার একেবারে বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করে দিলেন তৃণমূল নেতা।

গ্রেফতারির ভয় পাচ্ছেন অরূপ বিশ্বাস?

রাজ্য সরকার বদল হওয়ার পরই নিজের ফেসবুক পেজ থেকে মেসি কান্ড স্মরণ করিয়ে একের পর এক বিস্ফোরক পোস্ট করতে থাকেন শতদ্রু। এই ঘটনায় সরকারের সাহায্যের দাবি করেন তিনি। শতদ্রু বলেন, “নতুন সরকারের কাছে আমার আবেদন আপনারা আবার মেসি কান্ডের ফাইল খুলুন। আমি সব রকম সহযোগিতা করব। আমার কোনও কিছুতেই অসুবিধা নেই।”এর আগে শতদ্রু জানিয়েছিলেন তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন। সেই মতোই গত 17 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায়-সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করেন তিনি।

সূত্রের খবর, মেসির গোট ইভেন্টের আয়োজ শতদ্রুর অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই অরূপ বিশ্বাসকে তলব করতে পারে বিধাননগর পুলিশ কমিশনারেট। জানা যায়, বিধাননগর পুলিশ কমিশনারেটের কাছে বাঙালি ক্রীড়া সংগঠক অভিযোগ জানিয়েছেন, মেসির ইভেন্টের জন্য প্রায় 22 হাজার টিকিট কালোবাজারি হয়েছে। ইভেন্টের আগে টিকিট দেওয়ার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এবার সেই মতোই অরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হতে পারে! আর সেই আশঙ্কা থেকেই বড় পদক্ষেপ নিলেন তৃণমূল নেতা।

অবশ্যই পড়ুন: ভারতের জমি দখল করে রাখার দাবি জানাল নেপাল, প্রধানমন্ত্রী বললেন …

সূত্রের খবর, শতদ্রু দত্ত যেভাবে মেসি কান্ড নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছেন তাতে যথেষ্ট চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস! এদিকে রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী আগেই মেসি কাণ্ডের ফাইল খুলে দোষীদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছিলেন। এমতবস্থায় অরূপের নামে FIR দায়ের হতেই নাকি গ্রেফতারির আশঙ্কা থেকে বারাসাত আদালতে অগ্রিম জামিনের আবেদন জানিয়েছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী। তবে আদালত এ বিষয়ে কোন পথে হাঁটছে তা জানা যাবে সময়ের সাথে সাথে।