“অন্নপূর্ণার ৩,০০০ দিতেই হবে, নাহলে…” সরকারকে চ্যালেঞ্জ করলেন আশা কর্মীরা!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা দিতেই হবে! সেই দাবিতেই এবার একপ্রকার সরকারকে চ্যালেঞ্জ করে বসলেন আশা কর্মীরা (ASHA Workers)! আর পাঁচটা মহিলার মতো আশার মেয়েদেরও যাতে প্রতিমাসে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া হয় সেই দাবিতে জলপাইগুড়ি সদর BDO-র দ্বারস্থ হলেন তাঁরা। আশা কর্মীদের একটা বড় অংশের বক্তব্য, গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রত্যেক বাড়িতে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে হয় তাঁদের। তবে এই হাড়ভাঙা খাটনির জন্য নির্ধারিত পারিশ্রমিক যথেষ্ট নয়। তাই সরকার তাঁদের অন্নপূর্ণা যোজনার মাসিক ভাতা দিয়ে সহায়তা করুক।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে পদক্ষেপ নেবেন আশা কর্মীরা?

প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রত্যেক পরিবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আশা কর্মীদের। সে কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও স্বীকার করে নিয়েছেন। সে জন্যই সম্প্রতি আশার মেয়েদের বেতন বৃদ্ধি করেছে বর্তমান সরকার। কিন্তু তা সত্বেও আশা কর্মীদের একটা বড় অংশের দাবি, তাঁদের যা কাজ সেই তুলনায় প্রদত্ত বেতন অনেকটাই কম। মূলত এমন দাবিকে সামনে রেখেই অন্নপূর্ণা যোজনার অর্থ পেতে বারবার মুখ খুলেছেন আশা কর্মীরা।

রাজ্য সরকারের বিশেষ প্রকল্পের আওতায় বাকিদের মতো প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সাহায্য পেতে এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে যান একদল আশা কর্মী। সেখানে ভিডিওর সাথে দেখা করে নিজেদের দাবি দাওয়ার কথা জানান তাঁরা। বিডিও অফিস থেকে বেরিয়ে এক আশা কর্মী জানিয়েছেন, তাঁদের দাবি একটাই, অন্নপূর্ণা যোজনা থেকে তাঁদের যেন বঞ্চিত করে না রাখা হয়। বাকিদের মতো তাঁদেরও 3,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলার উদ্দেশ্য কী? জানতে চাইল কলকাতা হাইকোর্ট

সূত্রের খবর, এদিন বিডিওর সাথে দেখা করে নিজেদের সমস্যার কথা জানানোর পাশাপাশি যত দ্রুত সম্ভব সরকারি প্রকল্পের টাকা দেওয়ার দাবি জানান তাঁরা। এর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সরকার যাদের সেই সব পদক্ষেপ নেয় এবং তাঁদের কথা বিবেচনা করে। অন্যথায় বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীদের একটা বড় অংশ। জানা যাচ্ছে, সরকারের তরফে আশা কর্মীদের অন্নপূর্ণা যোজনার টাকা না দেওয়ার নির্দেশ থাকলেও জলপাইগুড়ির ওই BDO এর তরফে নাকি আশা কর্মীদের দাবির কথা উপর মহলে জানানো হবে বলেই আশ্বস্ত করা হয়েছে।