খরচ হয়েছিল ৩ কোটি টাকা, বারাবনিতে বৃষ্টিতে ধসে গেল প্রায় ৯০ ফুটের সেই রাস্তা

Published:

Bardhaman Road Collapse

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত জনজীবন। বিপুল জলের চাপ সামাল দিতে রাজ্যের একের পর এক বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল। জল ছাড়া হয়েছে ডিভিসি, পাঞ্চেত, মাইথনের মতো জলাধার থেকে। এমতাবস্থায়, বর্ধমানে (Bardhaman) ধসে গেল রাস্তা। একটানা বৃষ্টিপাতের কারণে পশ্চিম বর্ধমানের বারাবনির (Barabani) নুনি মোড় থেকে মদনপুর পর্যন্ত মূল সড়কের প্রায় 90 ফুট অংশ হঠাৎ ধসে গিয়েছে। যার কারণে বন্ধ রয়েছে যান চলাচল। চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা।

3 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল ওই রাস্তা

স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, একটানা ভারী বৃষ্টিপাতের কারণে মাটি নরম হয়ে যাওয়ায় রাস্তাটি ধসে গিয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সুজিত মন্ডল জানিয়েছেন, রাস্তার অনতি দূরে রয়েছে একটি বড় জলাশয়। তাঁর দাবি, সেটিও এই ধসের অন্যতম কারণ। ওই বিজেপি নেতার বক্তব্য, প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে 3 কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছিল।

ওই বিজেপি নেতা এও জানিয়েছেন, একটানা বৃষ্টিপাতের কারণে ওই রাস্তার প্রায় 90 ফুট অংশ ধসে গিয়েছে। এরমধ্যে 70 ফুট অংশ পুরোপুরি মাটিতে বসে গিয়েছে। তৈরি হয়েছে গভীর গর্ত। যদিও রাস্তা ধসে যাওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনিক দল। তাঁরা দ্রুত ওই রাস্তার চারপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, যাতে কোনও স্থানীয় বাসিন্দা প্রাণের ঝুঁকি নিয়ে ওই রাস্তা পারাপার না করেন।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে ফারাক্কায় রেললাইনে ধস, ব্যহত উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গের ট্রেন পরিষেবা

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ওই রাস্তাটি তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রাস্তা দিয়েই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে প্রতিদিন বিভিন্ন গাড়ি যাতায়াত করতো। এলাকার স্থানীয় বাসিন্দারাও ওই রাস্তা দিয়েই নিজেদের নানান কাজে যান। বাচ্চাদের স্কুলে পাঠানোর ক্ষেত্রেও ওই রাস্তার দ্বিতীয় বিকল্প এই মুহূর্তে নেই। কাজেই একটানা বৃষ্টিতে রাস্তাটি ধসে যাওয়ায় ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। যদিও প্রশাসনের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ওই রাস্তাটি মেরামত করে আবার আগের অবস্থায় নিয়ে আসা হবে। স্থানীয়দের আশ্বস্ত করেছেন এলাকার BDO-ও।