‘এই বাঁশে কে উঠেছে, দুটো থাপ্পড়’ বেচারাম মান্নার সেই উক্তি এখন ভাইরাল, দেখুন ভিডিও

Published:

becharam manna

আনিষা চৌধুরী, কলকাতা: “এই বাঁশে কে উঠেছে? বাঁশে কে উঠেছে? দুটো থাপ্পড় মারো তো” কথাগুলো শোনা শোনা লাগছে তো? সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কোনও রাজনৈতিক নেতার বক্তব্য বা আচরণের বিশেষ মুহূর্ত ভাইরাল হয়ে যায়। সেই সংলাপ নিয়েই তৈরি হতে থাকে একের পর এক রিল, মিম ও মজার ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বক্তব্য থেকে শুরু করে রাজ্যের একাধিক নেতার মন্তব্য, এমন ঘটনার অনেক উদাহরণ রয়েছে অনেক। এবার দুর্গাপুজোর আবহে নেটপাড়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে বেচারাম মান্নার (Becharam Manna) একটি মন্তব্য। দেবকে মঞ্চে সম্মান জানানোর সময়কার সেই ভিডিও ঘিরেই এখন কৌতূহল নেটিজেনদের।

বেচারাম মান্নার ভাইরাল মন্তব্য

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মঞ্চে অভিনেতা দেবকে সম্মান জানানো হচ্ছে। পাশে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন বেচারাম মান্না। সেই সময় তাঁর নজরে আসে, এক ব্যক্তি বাঁশের উপরে উঠে বসেছেন। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা থেকেই ওই ব্যক্তিকে সতর্ক করতে শোনা যায় তাঁকে। মঞ্চ থেকেই মাইকে ধমক দিয়ে তিনি বলেন, “এই বাঁশে কে উঠেছে? বাঁশে কে উঠেছে? দুটো থাপ্পড় মারো তো। সিসি ক্যামেরায় ছবি উঠে যাচ্ছে। দাঁড়া, বাড়িতে পুলিশ পাঠাচ্ছি তোর।” তাঁর কথায় হেসে ফেলেন স্বয়ং দেব। তাঁর এই কড়া মন্তব্যের অংশটুকু ব্যবহার করেই তৈরি হচ্ছে নানা রকম রিল।

কিন্তু কে এই বেচারাম মান্না, যাঁর কথা এখন রিলের ট্রেন্ডে জায়গা করে নিয়েছে? তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার পরিচিত রাজনীতিবিদ এবং তৃণমূল কংগ্রেসের নেতা। সিঙ্গুরের জমি আন্দোলনের সূত্রে তাঁর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়। শ্রমিক আন্দোলনের সঙ্গেও তাঁর যোগ ছিল। ২০১১ সালে হরিপাল কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন। ২০২১ সালে সিঙ্গুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর কৃষি বিপণন দফতরের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন শ্রম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন প্রতিমন্ত্রী বেচারাম মান্না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিঙ্গুর কেন্দ্রে পরাজিত হন বেচারাম মান্না।

আরও পড়ুন: রাজধানীর চেয়েও দ্রুত গতিতে চলে যান দিল্লি, হাওড়া থেকে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার

বড় কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মঞ্চে দাঁড়িয়ে বলা কয়েকটি কথা কীভাবে সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে নিজের জায়গা করে নিতে পারে, বেচারাম মান্নার এই ভিডিও তারই উদাহরণ।

google button