ডিএ মামলায় নতুন চিঠি পেলেন সরকারি কর্মীরা, নজরে ১২ সেপ্টেম্বর

Published:

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ মামলার (Bengal DA Case) শুনানি নিয়ে আরও একটি চিঠি পেলেন সরকারি কর্মীরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ সেপ্টেম্বর ইন্দু মালহোত্রার কমিটির বাংলার ডিএ (Dearness allowance) মামলার সকল অভিযোগ শুনবে। নয়াদিল্লিতে বেশ কিছু কর্মচারী সংগঠন এবং কমিটির মাঝে হবে হাইভোল্টেজ বৈঠকটি। এই বৈঠকটির ওপর তীক্ষ্ণ নজর রয়েছে সকলের। এই বৈঠকের পর কোনও রকম সুরাহা হয় কিনা তা জানার জন্য উদগ্রীব সকলে। এরই মাঝে সংগঠনের তরফে একটি চিঠি এসে পৌঁছাল।

ডিএ মামলায় নতুন চিঠি পেলেন সরকারি কর্মীরা

জানা গিয়েছে, আগামী ১২ই সেপ্টেম্বর, বিকাল ৫টায় গত সুপ্রিম কোর্টের শুনানি সাপেক্ষে DA কেস নিয়ে নিউ দিল্লীর বৈঠকে মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের এডভোকেট অভিজিৎ উপাধ্যায় ও আহবায়ক ভাস্কর ঘোষকে উপস্থিত থাকার জন্য অফিসিয়াল চিঠি এসেছে। Grant-in-Aid দপ্তরের শিক্ষক ও সকল স্তরের কর্মচারীদের বকেয়া DA নিয়ে এই গুরুত্বপূর্ণ মিটিং এ তথ্যসহ বক্তব্য পেশ করবে এডভোকেট অভিজিৎ উপাধ্যায় ও আহবায়ক ভাস্কর ঘোষ।

এর আগে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেটায় লেখা ছিল যে, ‘ডিএ মামলা ও সংশ্লিষ্ট আবেদনগুলির পরিপ্রেক্ষিতে আপনাদের জানানো যাচ্ছে যে, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার সভাপতিত্বাধীন মাননীয় মনিটরিং কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলির যে সমস্ত আইনজীবী/প্রতিনিধিকে মনিটরিং কমিটির সামনে নিজ নিজ পক্ষের হয়ে মামলা উপস্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, তাঁদের সঙ্গে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টায় নয়াদিল্লিতে বৈঠক করবে।’

আরও পড়ুনঃ স্বাস্থ্যবিমা থেকে অতিরিক্ত শাড়ি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ১২ হাজার করল সরকার

সমস্যা মিটবে সরকারি কর্মীদের?

আসলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ গত আগস্টে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি কে মিশ্রর বেঞ্চ জানায়, মামলাকারী রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধি হিসেবে মোট ১০ জন বিচারপতি মালহোত্রার কমিটির কাছে গিয়ে বকেয়া ডিএ সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানাতে পারবেন৷ এখন প্রশ্ন, এর ফলে কি সমস্যায় লাঘব হবে সরকারি কর্মীদের? সেটা অবশ্য জানা যাবে ১২ তারিখের পর।