সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। পেনশন বৃদ্ধির (Pension Hike) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করা হল। যা একলাফে ৫০% বৃদ্ধি। এই বিষয়ে জানালেন খোদ মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
পেনশন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পোস্টে লেখেন ‘পশ্চিমবঙ্গের জনগণ যে আশা, ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পসমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,৫০০ টাকা করার নির্দেশ জারি করা হয়েছে।’
উপকৃত হবেন বহু মানুষ
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গ জনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাঁদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আগামী আগস্ট, ২০২৬ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং ১লা সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে।’
আরও পড়ুনঃ এক দশক ধরে সম্পূর্ন ক্যাসলেশ ভারতের এই গ্রাম, ৮ থেকে ৮০ সবাই করেন ডিজিটাল পেমেন্ট
তিনি লেখেন, ‘জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এই লক্ষ্যেই আমাদের সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’










