হুড়মুড়িয়ে কমল মুরগির মাংসের দাম, জানুন হঠাৎ দর পতনের কারণ

Published:

Chicken Price Drop

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে হুড়মুড়িয়ে কমল মুরগির মাংসের দাম (Chicken Price Drop)। গত কয়েকদিন আগেও যেখানে এক কেজি মুরগির মাংস কিনতে খরচ হচ্ছিল আড়াইশো টাকার কাছাকাছি। সেখানে আজকের দিনে দাঁড়িয়ে মুরগির মাংস বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। আচমকা মুরগির দামে এমন পতন আমজনতার জন্য বেশ খানিকটা স্বস্তির। তবে অবাক করা বিষয়, দাম কমলেও বাজারে মুরগির দোকানের সামনে নেই ক্রেতাদের লাইন! কী এমন হল? আরও কি কমতে পারে মুরগির মাংসের দাম?

আরও কমতে চলেছে মুরগির মাংসের দাম?

আজ অর্থাৎ বুধবার, শহর কলকাতায় মুরগির মাংসের দাম প্রতি কেজিতে 180 থেকে 190 টাকার কাছাকাছি। অন্যদিকে এই দামটাই উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় 170 থেকে 180 টাকার মধ্যে। রাজ্যের কোথাও কোথাও আবার মুরগির মাংস বিক্রি হচ্ছে 165 থেকে 170 টাকা কেজিতে। হঠাৎ মুরগির মাংসের দামে এমন বড় পতনে খুশি ক্রেতারা। তবে অবাক হওয়ার মতো বিষয়, গোটা রাজ্যে মুরগির মাংসের দাম কমলেও সেভাবে মাংস কিনছেন না সাধারণ মানুষ। মুরগির দোকানের সামনে দেখা যাচ্ছে না লম্বা লাইন।

প্রশ্ন উঠছে, হঠাৎ কোন কারণে এতটা কমে গেল মুরগির দাম? এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “গরম বেশি থাকায় সাধারণ মানুষ মুরগির মাংস কম খাচ্ছেন। এর ফলে চাহিদা কম এদিকে উৎপাদন বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই কমেছে মুরগির মাংসের দামে।” তবে তিনি এও জানালেন, শুধু পশ্চিমবঙ্গ নয় বরং গোটা দেশেই মুরগির মাংসের দামে বড় পতন দেখা গিয়েছে।

অবশ্যই পড়ুন: বৈভব সূর্যবংশীকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিলেন ক্রিস গেইল! দিলেন নতুন নাম

একদিকে মুরগির মাংসের দাম কমে যাওয়ায় যেমন লাভবান হচ্ছেন ক্রেতারা, ঠিক একইভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোল্ট্রি ফার্মের মালিক বা চাষীরা। কারণ বর্তমানে যা দাম ধার্য করা হয়েছে তাতে তাঁদের লাভের অংশ কিছু থাকছেই না বললে চলে। এমতাবস্থায় দাম আরও কমে গেলে বড্ড বিপদে পড়বেন চাষীরা। এ নিয়ে অবশ্য ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, এই মুহূর্তে গরম বেশি বলে মুরগির দাম কম আছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৃষ্টি নামলে ফের অনেকটাই বেড়ে যাবে দাম! তাতে আবার লাভের মুখ দেখতে পারবেন চাষীরা।