কলকাতার গণ্ডি পেরিয়ে এবার অন্য শহরেও ছুটবে মেট্রো! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Kolkata Metro

সহেলি মিত্র, কলকাতাঃ এবার আরও বিস্তৃতি বাড়তে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)-র। কলকাতা শহরের গণ্ডি পেরিয়ে এবার অন্য জনবহুল শহরেও কলকাতা মেট্রো পৌঁছাতে চলেছে। আর এই নিয়ে প্রশাসনিক বৈঠকে বড় ঘোষণা অবধি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা মেট্রো নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে, ‘২৫ লক্ষ থেকে ৩৫ লক্ষ জনসংখ্যা রয়েছে এমন শহরাঞ্চলগুলিতে নগর মেট্রো পরিষেবা বা সিটি মেট্রো পরিষেবা চালু করার একটি প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর সামনে পেশ করা হয়েছিল। সে বিষয়ে সবুজ সঙ্কেত মিলেছে।’ এই বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পলকে বিশেষ নির্দেশ অবধি দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে খবর। নিজেই জানিয়েছেন সে কথা।

মুখ্যমন্ত্রী জানান, “আমি নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগকে প্রাথমিক প্রস্তাব প্রস্তুত করে কেন্দ্রে জমা দিতে বলেছি। কর্মকর্তাদের পরিকল্পনা, মানচিত্র তৈরি এবং বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ শুরু করতেও বলা হয়েছে। সেটি দিল্লিতে পাঠানো হবে।” শুভন্দু জানান, প্রধানমন্ত্রী মেট্রো প্রকল্পে অনেক অর্থ দিয়েছেন। তিনি কয়েকমাস আগে দমদমে মেট্রোর নতুন পথ উদ্বোধন করে সেকথা বলেছিলেন। তাঁর সেই অর্থ কাজে লাগানো হবে। তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের জনগণকে আশ্বস্ত করতে চাই যে, অন্য ২০টি রাজ্য যে ডাবল-ইঞ্জিন সরকারের সমস্ত সুবিধা পাচ্ছে, তা যেন আমাদের রাজ্যেও পৌঁছে দেওয়া হয়, তা নিশ্চিত করতে আমরা কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রকের সঙ্গে কাজ করব।”

আরও পড়ুনঃ কত দিনের মধ্যে ফর্ম ফিলাপ করলে জুনে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে? ৩০০০ টাকা পেতে জানুন

আজ মেট্রো রেল অগ্রগতি ও আধুনিক জীবনযাত্রার প্রতীক হয়ে উঠেছে। ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভরতা কমিয়ে এটি পরিবারগুলোর যাতায়াত খরচ হ্রাস করে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে অবদান রাখে। শুধু ভ্রমণের একটি মাধ্যমই নয়, মেট্রো রেলে বিনিয়োগ এখন প্রবৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হয়েছে – যা কর্মসংস্থান বৃদ্ধি করছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ উন্নত করছে এবং ভারতের দ্রুত বর্ধনশীল শহরগুলোতে বসবাসকারী পরিবারগুলোর সার্বিক কল্যাণ বৃদ্ধি করছে। এসবের মাঝেও পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে সিটি মেট্রো সার্ভিসের কথা বলছে, সেটা কোন শহরে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর অবধি মেট্রো লাইন গিয়েছে। কাজ চলছে জোরকদমে। এই জেলায় মানুষের সংখ্যাই সবথেকে বেশি। তালিকায় রয়েছে হাওড়া ও হুগলিও। তবে কোনও জেলার প্রায় কোনও শহরেই ২৫-৩০ লক্ষ মানুষ নেই। তাহলে নতুন মেট্রো প্রকল্প হবে কোথায়? আশা করা হচ্ছে, যেসব মেট্রো প্রকল্পের কাজ চলছে, সেই কাজই দ্রুত সম্পন্ন করা হবে। এখন দেখার সরকার আগামী দিনে কী পদক্ষেপ নেয়।