মা ক্যান্টিনে সপ্তাহে এবার দুদিন করে মিলবে মাছ-ভাত, বাকি ৫ দিন কী থাকবে? জানালেন মুখ্যমন্ত্রী

Published:

Maa Canteen Menu

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal) আগে ভোট প্রচারে নিজেদের নির্বাচনী কায়দা ব্যবহার করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূলের প্রায় সব নেতাকর্মীদের তরফেই বলা হয়, বাংলায় বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হবে বাঙালিদের। যদিও তৃণমূলের এমন প্রচারের বিরুদ্ধে পাল্টা রাজ্যবাসীকে আশ্বস্ত করে গিয়েছিল গেরুয়া শিবির। বাংলায় পালাবদল হতেই নিজেদের প্রতিশ্রুতি রেখেছেন শুভেন্দু অধিকারীরা। সর্বোপরি, পূর্বতন সরকারের তরফে চালু করা যে মা ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার গুজব ছড়িয়েছিল, বর্তমানে সেই মা ক্যান্টিনেই (Maa Canteen) মাত্র 5 টাকায় পেট পুরন মাছ ভাতের ব্যবস্থা করেছে বিজেপি সরকার। এবার তা নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার থেকে সপ্তাহে দুদিন মিলবে মাছ ভাত

মঙ্গলবার, কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই নিজের ক্যাবিনেটের মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য বিধায়ক এবং রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবদের সাথে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ঘোষণা করেন তিনি। এদিন, রাজ্যের মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি মতোই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ঘোষণার পাশাপাশি বেশকিছু নতুন কর্মসূচির কথাও সামনে আনেন শুভেন্দু। সেই সাথেই এদিন নিজের বক্তব্যে মা ক্যান্টিনের প্রসঙ্গ যোগ করেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী।

সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেল, “গোটা রাজ্যে আমাদের প্রায় 400 মা ক্যান্টিন রয়েছে। আপাতত এই সংখ্যাই পাচ্ছি। আমরা এবার থেকে সিদ্ধান্ত নিলাম সপ্তাহে দুদিন করে মাছ-ভাত খাওয়াবো। হ্যাঁ, 5 টাকাতেই খাওয়াবো। এই কাজগুলো আমরা করছি।” এদিন নতুন করে তালিকায় মাছ ভাতের অতিরিক্ত একটি দিন যোগ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানালেন, মা ক্যান্টিনে সপ্তাহের দুদিন মাছ-ভাত দেওয়া হবে এবং বাকি পাঁচ দিন যেমন ডিম ভাত দেওয়া হয় তেমনটাই চলবে।

 

অবশ্যই পড়ুন: অন্নপূর্ণা ভান্ডারের নিয়মে বদল, এখনই মিলবে না ৩০০০ টাকা!

প্রসঙ্গত, মাত্র 5 টাকাতে কতদিন অভুক্তদের মাছে, ভাতে পেট ভরাতে পারবে রাজ্য সরকার? সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছিলেন, এই মুহূর্তে 5 টাকাতেই সকলকে মাছ ভাত দেওয়ার সিদ্ধান্ত সরকার। আপাতত এই দাম বাড়ানোর কোনও ইচ্ছে নেই। পরে দ্রব্যমূল্যের দাম সহ অন্যান্য দিক মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও সেটা অনেক পরের কথা…

google button