সহেলি মিত্র, কলকাতা: সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case In SC) শুনানি সেই মে মাসে পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএর ২৫ শতাংশ মিটিয়ে দিয়েছে। প্রথম কিস্তি হিসেবে সরকারি কর্মীদের ৬০০০ কোটি টাকা প্রদান করা হয়েছে বলে শীর্ষ আদালতে জানিয়েছে সরকার। যদিও আপাতত ৬ মে হবে মহার্ঘ্য ভাতা মামলার পরবর্তী শুনানি বলে খবর। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলার শুনানি
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার নাকি সুপ্রিম কোর্টে জানিয়েছে যে ডিএ নিয়ে তৈরি করা বিশেষ কমিটির সুপারিশ তারা মানবে। এরই সঙ্গে প্রথম কৃতি হিসেবে ছয় হাজার কোটি টাকা মেটানো হয়েছে সকলের। যদিও আগামী দিনে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। যে কারণে শীর্ষ আদালতের তরফে আগামী ৬ মে দিয়ে মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
আরও পড়ুনঃ বঙ্গে প্রথম দফার ভোটে বিশাল কেন্দ্রীয় বাহিনী, কোন জেলায় কত জানিয়ে দিল কমিশন
আসলে পশ্চিমবঙ্গ সরকার চলমান মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় তার কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া পরিশোধের জন্য ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত সময় চেয়ে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। রাজ্যের দাখিল করা নথি অনুযায়ী, তারা একাধিক আর্থিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের ৫ ফেব্রুয়ারির নির্দেশনার সংশোধনের অনুরোধ করেছিল। রাজ্য সরকার মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধের জন্য একটি পর্যায়ক্রমিক পদ্ধতি গ্রহণ করেছে, ১) গ্রুপ ডি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সরাসরি বেতন দেওয়া হচ্ছে। ২) অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে, বকেয়া অর্থ তাদের ডিপিএফ অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময় অর্থাৎ ৩১ মার্চের মধ্যেই সবার টাকা মেটানো হয়েছে।
কী বলছে সরকার?
এই নিয়ে শীর্ষ আদালতে বড় তথ্য দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, তাঁদের কাছে যে কর্মীদের তালিকা ও হিসেব ছিল তাঁদের বকেয়া টাকা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। সেই খাতে খরচ হয়েছে ৬০০০ কোটি টাকা। পাশাপাশি কেন্দ্রের গঠন করা কমিটির সুপারিশ মেনেই রাজ্য কাজ করছে। কমিটি পরবর্তী রিপোর্ট পেশ করবে এপ্রিলের শেষভাগে। ততদিনের জন্য মুলতুবি করা হোক ডিএ মামলা। সেই আর্জিতে সাড়া দিয়ে আদালত আগামী ৬ মে মামলার শুনানি ধার্য করল।










