পুজোয় বেতন নিয়ে সুখবর পেলেন সিভিক ভলান্টিয়াররা

Published:

Purulia

সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মুখে স্বস্তির নিঃশ্বাস। চরম আর্থিক সংকট কাটিয়ে অবশেষে মুখে হাসি ফিরল পুরুলিয়া (Purulia) জেলার যুব ও ক্রীড়া দফতরের ২৩ জন ভলেন্টিয়ার এবং একজন কো-অর্ডিনেটরের। দীর্ঘ প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকায় তাঁরা চরম আর্থিক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। তবে সেই খবর বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি জেলা এবং মুখ্যমন্ত্রীর দফতরেও আবেদন জানিয়েছিলেন তাঁরা। অবশেষে ষষ্ঠীর একদিন আগে ৫ মাসের বকেয়া বেতন হাতে পেলেন ওই ২৪ জন কর্মী।

পুজোতে স্বস্তির নিঃশ্বাস ভলেন্টিয়ারদের

যুব দফতর সূত্রে খবর, রাজ্য যুব এবং ক্রীড়া দফতরের আওতায় পুরুলিয়া জেলার প্রতিটি ব্লক এবং পৌরসভায় একজন করে ভলেন্টিয়ার এবং গোটা জেলায় একজন কো-অর্ডিনেটর কর্মরত রয়েছেন। বিশেষ করে ব্লক এবং পৌরসভা স্তরে খেলাধুলার প্রসার ঘটানো, যুবসমাজকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া এবং বিভিন্ন রকম সরকারি অনুষ্ঠান ও সচেতনতা শিবির আয়োজনের মূল দায়িত্ব পালন করেন তাঁরা। তবে রাজ্যে সরকার বদল হলেও গত জুন মাস থেকে তাঁদের বেতন সম্পূর্ণ আটকে ছিল।

সেই খবর বেশ কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এমনকি তাঁরা জেলা এবং মুখ্যমন্ত্রীর দফতরেও আবেদন জানিয়েছিলেন। অবশেষে মিলল স্বস্তি। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, একজন ভলেন্টিয়ার প্রতি মাসে ১২,৭৩০ টাকা এবং কো-অর্ডিনেটর ১৮,০৩৫ টাকা করে বেতন পান। তবে টানা ৪ মাস বেতন বন্ধ থাকায় কার্যত সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল তাঁদের। এমনকি পুজোর মুখে পরিবারকে নতুন জামাকাপড় কিনে দিতেও পারছিলেন না তাঁরা।

আরও পড়ুন: ভারত ছেড়ে ব্রিটেনে ধ্রুব রাঠি, ভোট চুরির প্রতিবাদে এবার বিক্ষোভ লন্ডনে

এ বিষয়ে বিকাশ মাঝি নামে এক কর্মী জানিয়েছেন, দুদিন আগেই তাঁরা হাতে বেতন পেয়েছেন। বেতন না পেলে তাঁদের পরিবার নিয়ে কার্যত পথে বসার উপক্রম হয়েছিল। এই বিপদের দিনে সাহায্য করার জন্য তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি যুব দফতরের এক আধিকারিক আশ্বাস দিয়ে জানিয়েছেন, এখন থেকে এই কর্মীরা নিয়মিত প্রতি মাসেই বেতন পাবেন।

google button