প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে যখন সমস্ত রাজনৈতিক দল প্রচার কাজে ব্যস্ত, সেই সময় দিনে দুপুরে ঘটে গেল এক ভয়ংকর বিপদ। গড়িয়ার (Garia) তেঁতুলতলা এলাকায় এক বিউটি পার্লারের ভিতরে ঢুকে এক মহিলাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক (Double Death In Garia)। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ দুটি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গিয়েছে এলাকায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
ঠিক কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, প্রায় ১৫ বছর ধরে গড়িয়ার মহামায়াতলায় ‘রূপবাণী ফ্যাশন অ্যান্ড কালার্স কাট’ পার্লারে রূপটান শিল্পীর কাজ করেন বছর ৫০ এর রূপবাণী দাস। প্রতিদিনই রূপবাণীর স্বামী অনুপকুমার দাস বাইকে করে ছেড়ে দিয়ে যান এই পার্লারে। আজও একইভাবে অনুপকুমার দাস পার্লারে ছেড়ে দিয়ে যান ওই মহিলাকে। কিন্তু তার কিছুক্ষণ পরে ঘটে যায় এক ভয়ংকর কাণ্ড। ভরদুপুরে এক যুবক পার্লারে ঢুকে তর্কাতর্কি শুরু করে দেয় রূপবাণীর সঙ্গে। আর তারপরেই কোনও কথা না বলেই ওই যুবক মহিলার ওপর হামলা চালান। ধারালো অস্ত্রের একাধিক কোপে গুরুতর জখম হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তদন্তে নামল পুলিশ
হামলার পরে ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় দেখা যায় পার্লারের ভিতর থেকেই উদ্ধার হয় ওই হামলাকারী যুবকের দেহ। প্রাথমিক অনুমান, হামলার পর কোনওভাবে তাঁরও মৃত্যু হয়েছে। কিন্তু সেটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এদিকে হামলার খবর পেয়ে স্বামী অনুপকুমার দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। গিয়ে দেখেন দোকানের চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। পুলিশে খবর দেওয়া হলে গোটা বিষয়ে তদন্ত করা হচ্ছে। অনুমান করা হচ্ছে মৃত যুবক ভিনরাজ্যের বাসিন্দা। তবে তাঁর সঠিক পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এই হামলা, নিহত মহিলার সঙ্গে তাঁর কোনও পূর্বপরিচয় ছিল কি না, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।
আরও পড়ুন: কমিশনের লেটারহেডে ‘বিজেপির স্ট্যাম্প’? গর্জে উঠলেন মমতা
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলার সঙ্গে যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। এদিকে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চলছে। ইতিমধ্যেই পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।












