বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিক বক্সিংয়ে বিশ্বজয় করে দেশে ফিরেছে দুর্গাপুরের (Durgapur) মেয়ে আরাধ্যা ধীবর (Aradhya Dhibar)। নবমীর সকালে তাঁকে স্বাগত জানাতে দুর্গাপুর স্টেশনে হাজির হন আরাধ্যার প্রশিক্ষক থেকে শুরু করে তাঁর মা, স্থানীয় বাসিন্দা সহ দুর্গাপুরের ক্রীড়া প্রেমী মানুষজন। এদিন একেবারে ঢাক-ঢোল বাজিয়ে স্টেশন থেকে আরাধ্যাকে বাড়িতে নিয়ে যান তাঁরা। আর যাই হোক উজবেকিস্তানের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার সাথে সাথে সোনা সহ চারটি পদক জিতেছে সে। সেই খুশি যেন ধরছে না তাঁর শুভাকাঙ্ক্ষীদের।
আরাধ্যাকে স্বাগত জানাতে শোভাযাত্রার আয়োজন
উজ়বেকিস্তানে আয়োজিত বিশ্ব কিক বক্সিং প্রতিযোগিতায় মোট 6টি ইভেন্টে অংশ নিয়ে চারটি পদক জিতেছে আরাধ্যা। গত 13 অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ প্রতিযোগিতা শেষ হয়েছে 18 অক্টোবর। আর সেই আসরে বৃহস্পতিবার এবং শুক্রবার পরপর দুদিন 6টি ইভেন্টে অংশ নিয়ে 4টি পদক জিতে নেয় আরাধ্যা। এই প্রতিযোগিতায় মূলত ফাইট ও ফর্মস বিভাগ ছিল। এর মধ্যে প্রথম বিভাগে উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে পদক জিতে নেয় দুর্গাপুরের মেয়ে। অন্যদিকে ফর্মস বিভাগে আরাধ্যা হারিয়ে দেয় উজবেকিস্তান এবং তাজ়াকস্তানের প্রতিদ্বন্দ্বীকে।
মেয়ের এই সাফল্যে উচ্ছসিত দুর্গাপুরের গোটা পরিবার। আরাধ্যার হাতে চারটি পদক আসায় ব্যাপক উচ্ছাস প্রকাশ করতে দেখা গিয়েছে, দুর্গাপুরের মানুষকে। নবমীর দিন, মেয়েকে দুর্গাপুর স্টেশন থেকে স্বাগত জানাতে একেবারে ব্যান্ড পার্টি নিয়ে সেখানে হাজির হয়ে যান আরাধ্যার প্রশিক্ষক থেকে শুরু করে স্থানীয় কয়েকজন বিজেপি নেতা ও ক্রীড়া প্রেমী মানুষজন। উপস্থিত ছিলেন আরাধ্যার মা কাকলিও।
আরও পড়ুন: বাংলাদেশিদের আগেই সৌদি আরবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এক ভারতীয়কেও, জানুন পরিচয়
এদিন দুর্গাপুরের মেয়ে স্টেশনে নামতেই তাঁকে মালা পরিয়ে সংবর্ধনা জানান স্থানীয় মানুষজন। করানো হয় মিষ্টি মুখও। মেয়ের এমন সাফল্য যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না মা কাকলির দেবী। জানিয়ে রাখি, বিশ্বকাপ কিক বক্সিংয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে আরাধ্যা প্রমাণ করে দিয়েছে প্রবল ইচ্ছা শক্তি এবং কিছু করে দেখানোর খিদে থাকলে সব সম্ভব। আগামী দিনে আরও সফল হওয়ার ইচ্ছে রয়েছে দুর্গাপুরের কন্যার।










