প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্গাপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে এবার রাজনৈতিক বিতর্ক শুরু হল দুর্গাপুরে (Durgapur)। বিজেপির যুবনেতাদের উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে বালি ব্যবসায়ী সুজয় পাল ওরফে কেবুকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠল। আর সেই ঘটনার (BJP Event Controversy Durgapur) ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএম এবং কংগ্রেসের তরফে সমালোচনাও শুরু হয়েছে।
কুখ্যাত বালি মাফিয়াকে সম্বর্ধনা বিজেপির
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী দশমীর দিন বুধবার, দুর্গাপুরে চণ্ডীদাস রাজেন্দ্রপ্রসাদ সর্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে বিজেপির যুব নেতাদের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা। কিন্তু এদিনের মঞ্চে দেখা গেল অন্য চিত্র। যুবনেতা পারিচাঁদ গঙ্গোপাধ্যায় মঞ্চে এদিন কুখ্যাত বালি মাফিয়া সুজয় পাল ওরফে কেবুকে সম্বর্ধনা জানিয়েছিলেন। শুধু তাই নয়, এদিন মঞ্চে যুবনেতা এও জানান যে তাঁর আয়োজিত এই পুজো অনুষ্ঠানে সুজয় পালের অবদান নাকি অনেক। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে।
কী বলছেন সিপিএম নেতা
বিজেপির সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু নচিকেতা নয়, উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। কিন্তু ওই মঞ্চে কুখ্যাত বালি মাফিয়ার উপস্থিতি নিয়ে শুরু হয় এক নয়া বিতর্ক। রাজনৈতিক মহলেও এই নিয়ে চলে নানা শোরগোল। সিপিএম নেতা সিদ্ধার্থ বোস জানান, “ বালি মাফিয়ার সঙ্গে বিজেপি যুবনেতার বন্ধুত্বের সম্পর্ক রাজনৈতিক অন্দরে এক জলঘোলা পরিস্থিতি তৈরি করেছে। যে বিজেপি নেতারা ক্ষমতায় আসার আগে নানা ধরনের মন্তব্য করেছিল তাঁদের এখন অন্য রূপ দেখা যাচ্ছে। জেলখাটা বালি মাফিয়া সম্বর্ধনা দিচ্ছে বিজেপিরা। আসলে কান কাঁটা যাদের তাদের তো এমন অবস্থা হবেই।”
আরও পড়ুন: পেনশনভোগীদের জন্য স্বস্তি! বাড়িতেই ৫ মিনিটে বানিয়ে ফেলুন ডিজিটাল লাইফ সার্টিফিকেট
অন্যদিকে কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী জানিয়েছেন, “নির্মা ওয়াশিং পাউডার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কয়লাকে পরিষ্কার করার চেষ্টা চলছে। স্বভাবতই কয়লা পরিষ্কার হবে না কারণ যে কেবুর নামে বিজেপি একসময় অভিযোগ করতেন যে সে তোলাবাজি করে, অবৈধ ব্যবসা চালায়, বেআইনি কাজ করে, এখন সেই বিজেপি কালো টাকা পাওয়ার আশায় কেবুর সঙ্গে হাত মিলিয়েছে।” প্রসঙ্গত এই বালি মাফিয়া কেবু একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। গতবছর ২০২৫ এও তাঁর গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এবার তাঁকেই বিজেপির মঞ্চে সম্বর্ধনা পেতে দেখে তীব্র সমালোচনা শুরু হয়েছে।










