পুজোর মধ্যে লোকাল ট্রেনেই বিউটি পার্লার! মহিলাদের তাজ্জব কাণ্ডের ভিডিও ভাইরাল

Published:

eyebrow shape

আনিষা চৌধুরী, কলকাতা: পুজো (Durga Puja) মানেই খাওয়া-দাওয়া, সাজগোজ, নতুন পোশাক আর নিজের সৌন্দর্য মেলে ধরার বিশেষ সময়। ষষ্ঠী থেকে দশমী, কোন দিন কী সাজে নজর কাড়বেন, তা নিয়ে ব্যস্ত থাকেন ৮ থেকে ৮০। কিন্তু সুন্দর দেখানোর তাগিদ যে মানুষকে কত দূর নিয়ে যেতে পারে, তারই এক মজার উদাহরণ উঠে এল সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের (Train) মধ্যেই এক মহিলা আর এক মহিলার আইব্রো থ্রেডিং করে দিচ্ছেন। পুজোর আগে রূপচর্চার এমন অভিনব দৃশ্য দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়!

কী দেখা যাচ্ছে সেই ভিডিওতে?

ভিডিওতে দেখা যাচ্ছে, যিনি আইব্রো থ্রেডিং করছেন, তিনি ট্রেনের সিটের উপর দাঁড়িয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে, আর এক মহিলা দিব্যি বসে ভুরু ঠিক করিয়ে নিচ্ছেন। সাধারণত বিউটি পার্লারে গিয়ে ভুরু প্লাক করিয়ে থাকেন মহিলারা। কিন্তু সেখানে পৌঁছনোর সময় না থাকলে ট্রেনের কামরাই যে পার্লারের বিকল্প হয়ে উঠতে পারে, এই দৃশ্য তারই জলজ্যান্ত প্রমাণ। যদিও এইভাবে চলন্ত ট্রেনে রূপচর্চা করতে গিয়ে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে, তবু ভিডিওটির অদ্ভুত পরিস্থিতি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটপাড়ার।

ট্রেনের মধ্যে এমন দৃশ্য দেখে এক যাত্রী ভিডিওটি রেকর্ড করেন। পরে সেটিই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। আর তারপর থেকেই শুরু নানা মজার মন্তব্য। কেউ লিখেছেন, “মেয়েরা সব পারে!” কারও কথায়, “নিজেদের সুন্দর দেখাতে গেলে একটু তো কষ্ট করতেই হবে।” আবার কেউ মজা করে প্রশ্ন তুলেছেন, “এটা ট্রেন না বিউটি পার্লার?” অন্য এক নেটিজেনের মন্তব্য, “আর কী কী দেখতে হবে জীবনে!” সব মিলিয়ে ভিডিওটি ঘিরে নেটপাড়ায় হাসি-ঠাট্টার আবহ তৈরি হয়েছে।

আরও পড়ুন: উপহাস করতেন স্কুলের প্রিন্সিপাল! টিম ইন্ডিয়ায় এসেই বাবার অপমানের জবাব দিলেন নমন ধীর

পুজোর মরশুমে একটু না সাজলে চলে? পোশাক, মেকআপ থেকে শুরু করে ভুরু ঠিক করা, সবেতেই চাই নিখুঁত লুক। আর সেই প্রস্তুতির জন্য সময় বাঁচাতে এমন কাণ্ড দেখে অনেকেরই মনে হচ্ছে, সৌন্দর্যচর্চার ক্ষেত্রে মহিলাদের ইচ্ছে এবং ধৈর্যের সত্যিই জুড়ি মেলা ভার। পুজোর আগে পার্লারে ভিড় এড়াতে যদি ট্রেনের কামরাই এমন বিউটি পার্লারের বিকল্প ঠিকানা হয়ে ওঠে, তা হলে ক্ষতি কী?

google button