সৌভিক মুখার্জী, কলকাতা: ফের একদিন অতিরিক্ত ছুটির (Holiday) সুবিধা পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীর পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়ারা। আগামী ৬ অক্টোবর ছুটির ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। আসলে গতকাল সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে নন্দীগ্রাম এবং রেজিনগর, এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। সেই কারণেই এই দিনটিতে এই দুই বিধানসভার অন্তর্গত সমস্ত সরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ বন্ধ থাকতে চলেছে।
৬ অক্টোবর ছুটির ঘোষণা
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। নন্দীগ্রাম তাঁর নিজের বিধানসভা কেন্দ্র। অপরদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতেই ভবানীপুর থেকে তাঁকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি। তার পাশাপাশি আবার আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর রেজিনগর এবং নওদা, এই দুই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন।
অবাক করার বিষয়, তাঁরা দু’জনই দুটি বিধানসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন বিধায়ক শুধুমাত্র একটি বিধানসভার দায়িত্ব নিতে পারবেন। সেই সূত্রে তাঁদেরকে একটি করে কেন্দ্র ছাড়তে হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়েন নন্দীগ্রাম, এবং হুমায়ুন কবীর ছাড়েন রেজিনগর। তবে কমিশনের নিয়ম অনুযায়ী ফের এই দুই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে কেন্দ্র? জানিয়ে দিল সরকার
সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর, এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৯ অক্টোবর। তবে যেহেতু ৬ তারিখ উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে, তাই এই দিনটিতে এই দুই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মচারীর পাশাপাশি স্কুল-কলেজের পড়ুয়ারা পুজোর আগে পাচ্ছে একদিন বাড়তি ছুটির সুযোগ। কিন্তু হ্যাঁ, রাজ্যের অন্যান্য বিধানসভা কেন্দ্রের কোনও প্রতিষ্ঠান এদিন বন্ধ থাকবে না।










