বার্ধক্য ও বিধবা ভাতায় নতুন করে কীভাবে আবেদন? কী কী লাগবে জানুন

Published:

Old Age Pension

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, সাধারণ নাগরিকদের কথা ভেবে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প হল বার্ধক্য ভাতা (Old Age Pension) ও বিধবা ভাতা। সরকার পরিবর্তন হলেও এই প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে। এমনকি আগে যেখানে ১০০০ টাকা ভাতা দেওয়া হত, এখন তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে। কিন্তু নতুন যারা আবেদন করবেন তারা কীভাবে করবেন আর কী কী লাগবে?

রাজ্য সরকারের মানবিক উদ্যোগ বার্ধক্য ভাতা

বিশেষ করে প্রবীণ নাগরিকদের শেষ বয়সের দিনগুলি যাতে একটু নিশ্চিন্তে কাটে সেই লক্ষ্য নিয়েই রাজ্য সরকারের তরফ থেকে চালানো হয় এই প্রকল্প। চরম দারিদ্রতার মধ্য দিয়ে যারা দিন কাটাচ্ছেন এবং যাদের দেখাশোনা করার কেউ নেই তাদের জন্য এই প্রকল্পের গুরুত্ব নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। এমনকি নতুন সরকার এই সুবিধা প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য জনকল্যাণ শিবিরের আয়োজন করেছিল, এবং সেখানে আবেদনপত্র নেওয়ার কাজ চলেছে। অসংখ্য প্রবীণ মানুষ এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন।

তবে হ্যাঁ, এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নিয়ম রয়েছে, অর্থাৎ কিছু যোগ্যতা পূরণ করতে হয়। সেগুলি হল—

  • আবেদনকারীকে অবশ্যই ৬০ বছর বয়স সম্পন্ন করতে হবে। তবে যদি শারীরিক বা মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে ৫৫ বছর বয়স হলে আবেদন করা যায়।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর নিজস্ব মাসিক আয় ১০০০ টাকার বেশি হওয়া চলবে না। এমনকি কোনও নিকট আত্মীয় তাকে সাহায্য করলেও চলবে না।

আরও পড়ুন: ২০২৭-র মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল পর্ষদ, কোন বিষয় কবে দেখুন

কীভাবে আবেদন করবেন?

রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণ করা হয়েছে। এমনকি বাড়ি বাড়ি ফর্ম দিয়ে যাওয়া হয়েছিল যা পূরণ করে জমা দিতে হয়েছে। কিন্তু বর্তমানে অফলাইন বা অনলাইন কোনও ভাবেই আবেদন করা যাচ্ছে না। এই মুহূর্তে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবেদন। তবে চিন্তার কোনও কারণ নেই। খুব তাড়াতাড়ি হয়তো সরকারের তরফ থেকে নতুন করে আবেদন গ্রহণ করা হবে। যারা আবেদন করতে পারেননি, তখন তারা আবেদন করতে পারবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিতে হয়।