বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৈরি হল ইতিহাস। কলকাতা থেকে বিদেশে পাড়ি দিল বিশেষ পণ্যবাহী ট্রেন (Kolkata-Nepal Train) । শুক্রবার, ভারতীয় রেলের (Indian Railways) উদ্যোগে কলকাতা থেকে সরাসরি প্রতিবেশী দেশ নেপাল পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশেষ ট্রেন ভারত এবং নেপালের মধ্যে পণ্য পরিবহন ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, শহর কলকাতা থেকে বিদেশগামী ট্রেনটির খুঁটিনাটি তথ্য।
কলকাতা থেকে নেপাল বিশেষ পণ্যবাহী ট্রেন
ভারতীয় রেল সূত্রে খবর, শহর কলকাতা থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত যাবে নতুন পণ্যবাহী ট্রেনটি। মূলত 40টি উচ্চক্ষমতা সম্পন্ন এবং অত্যাধুনিক কন্টেইনার নিয়ে বিদেশের মাটিতে পাড়ি দেবে এই ট্রেন। গতকাল অর্থাৎ শুক্রবার, ভারত থেকে চালু হওয়া নতুন ট্রেনটি রেপসিড তেলের বিশেষ বীজ নিয়ে নেপালের বিরাটনগরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
বলে রাখা প্রয়োজন, গতকাল পণ্যবাহী ট্রেনটি যে বীজ নিয়ে নেপালে গিয়েছিল সেটি আসলে কানোলা। এই বিশেষ বীজ থেকেই তৈরি হয় রেপসিড বা সাদা তেল। জানা গিয়েছে, নেপালের স্বস্তিক তেল শিল্প সংস্থায় ভারত থেকে পাঠানো হয়েছে ওই বীজগুলি। রেল সূত্রে যা খবর, ভারত থেকে এই বিশেষ পণ্যবাহী ট্রেনটি রওনা দেওয়ার পর প্রথমে সেটি নেপাল সীমান্তের কাছে জোগবানি ইন্টিগ্রেটেড কাস্টমস ইয়ার্ডে দাঁড়াবে। সেখান থেকে সোজা পৌঁছবে বিরাটনগর ইয়ার্ডে।
এতদিন পর্যন্ত পণ্য পরিবহন চুক্তি অনুযায়ী, রেলপথে পণ্য পরিবহনের অনুমতি ছিল শুধুমাত্র বীরগঞ্জ আইসিপি পর্যন্ত। তবে গত বছরের নভেম্বর মাসে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস নিজেদের ইলেকট্রনিক কার্গো ট্র্যাকিং সিস্টেমের নিয়মে সংশোধন করে কলকাতা, হলদিয়া এবং বিশাখাপত্তনম হয়ে রেলপথে পণ্য পরিবহনের পরিধি বাড়িয়ে নিয়েছিল।
অবশ্যই পড়ুন: ফের কলকাতায় আসছেন মেসি! কবে? জানালেন শতদ্রু দত্ত
প্রসঙ্গত, কলকাতা থেকে পণ্যবাহী ট্রেনে করে নেপালে যে বীজগুলি পাঠানো হয়েছিল তা কিন্তু ভারতের নয়। বরং সেগুলি এসেছে অস্ট্রেলিয়ার ফ্রিম্যান্টল থেকে। সুদূর অস্ট্রেলিয়া থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এসে পৌঁছেছিল বীজগুলি। পরবর্তীতে সেখান থেকে পণ্যবাহী ট্রেনটিতে করে পাঠানো হয় নেপালে।










