সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত সম্প্রসারণ হবে ট্রামের! ব্লুপ্রিন্ট তৈরি রাজ্য সরকারের

Published:

Trams in Kolkata

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শহর কলকাতায় ফিরছে ট্রাম (Trams in Kolkata)। ফের একবার কলকাতা শহরের দিকে দিকে চলতে দেখা যাবে নস্টালজিক ও আইকনিক ট্রামকে। পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ নিজে ঘোষণা করেছেন ট্রাম পরিষেবায় পুনরায় চালু করার। এই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট অবধি তলব করেছেন তিনি। ইতিমধ্যে ব্লুপ্রিন্ট অবধি তৈরি হচ্ছে বলে খবর। যাইহোক, এখন এই ট্রাম পরিষেবা চালু নিয়ে আবারও একবার বড় আপডেট সামনে এল যা আপনাকেও খুশি করে দিতে পারে। আপনিও কি ট্রামে ওঠার জন্য এক পা বাড়িয়ে রয়েছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ট্রাম পরিষেবা নিয়ে দারুণ সুখবর

এক রিপোর্ট অনুযায়ী, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুন করে ফিরিয়ে আনতে বড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে RITES-কে। প্রস্তাব অনুযায়ী, ট্রাম পরিষেবা কালীঘাট, দক্ষিণেশ্বর, সল্টলেক ও নিউ টাউন পর্যন্ত সম্প্রসারণ করা হতে পারে। হ্যাঁ এখন সল্টলেক, নিউটাউনেও এশিয়ার সবথেকে পুরনো ট্রাম পরিষেবাকে চলতে দেখা যেতে পারে।

বিরাট পরিকল্পনা রাজ্যের

একই সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রামকে আরও দ্রুত, পরিবেশবান্ধব ও পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতার ঐতিহ্য রক্ষা হওয়ার পাশাপাশি গণপরিবহণ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে। বর্তমানে কলকাতায় সীমিত কয়েকটি রুটে ট্রাম চললেও অতীতে শহরে প্রায় ৭০ কিলোমিটারজুড়ে বিস্তৃত ছিল এই নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরে অবকাঠামোর অভাব, আর্থিক সংকট ও যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বহু রুট বন্ধ হয়ে যায়।

তবে চিন্তা নেই, কারণ এবার ট্রামকে নতুন রূপে ফিরিয়ে আনতে আধুনিক প্রযুক্তি, উন্নত ট্র্যাক এবং পর্যটনকেন্দ্রিক পরিষেবার ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার দাবিও নতুন করে সামনে এসেছে।