চেন্নাইয়ে গিয়ে ফের রহস্যমৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের! ৮ দিন পর উদ্ধার দেহ

Published:

Malda Migrant Worker Killed

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে উত্তপ্ত বঙ্গের রাজনীতি। জনসংযোগ বাড়াতে জেলায় জেলায় কর্মসূচি পালন করে চলেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। এমতাবস্থায় বঙ্গে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু (Malda Migrant Worker Killed) ঘিরে শোরগোল পড়ে গেল মালদায়। জানা গিয়েছে চেন্নাইয়ে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। আট দিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধার থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, চেন্নাইয়ে কাজে গিয়েছিলেন মালদার ২৯ বছরের যুবক আলমগীর আলম। আর্থিক অবস্থা খুবই খারাপ থাকায় রুটিরুজির টানে পাড়ি দিয়েছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, ৯ দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন আলমগীর। কিন্তু তার পর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বার বার তাঁর মোবাইলে ফোন করেও সাড়া পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ থাকার আট দিন পর উদ্ধার হল আলমগীরের দেহ।

রেললাইনের ধার থেকে উদ্ধার হয় দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দরাবাদ যাওয়ার ট্রেনে ওঠার কথা ছিল আলমগীর আলমের, তার পরের স্টেশনে কাছে জঙ্গলের ধারে রেললাইনের পাশে পাওয়া যায় তাঁর ক্ষতবিক্ষত দেহ। মৃত্যুর খবর পরিবারকে জানাতেই শোকে ভেঙে পড়ে গোটা পরিবার। তার উপর আর্নিং মেম্বার বলতে শুধু মাত্র আলমগীর থাকায় অথৈ জলে পড়েছে পরিবার। পরিবারের একটাই দাবি, আলমগীরকে কেউ বা কারা খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দিয়ে গিয়েছেন! ঘটনায় তৃণমূল ব্লক আইএনটিটিউসি সভাপতি সাহেব দাসের দাবি, ‘‘ যদি ১০০ দিনের কাজ চালু থাকত, তবে কাউকে রাজ্য ছেড়ে অন্যত্র যেতে হত না।’’ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দেগেছে বিজেপি।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণ ছত্তিশগড়ে ইস্পাত কারখানায়! প্রাণ গেল ৬ শ্রমিকের

প্রসঙ্গত, এর আগে গত ১৬ জানুয়ারি, ঝাড়খণ্ডে কাজে গিয়ে খুন হয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখ। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়। জানা যায়, ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন আলাউদ্দিন। ভাড়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছিল স্থানীয়রা। রেল, পথ অবরোধের মাধ্যমে শুরু হ‌ওয়া বিক্ষোভ হিংসার‌ রূপ নেয়। তার পরেও অসম, তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা উঠে আসছে খবরের শিরোনামে।

google button