প্রীতি পোদ্দার, কলকাতা: আর এক সপ্তাহ বাদেই বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। কিন্তু চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার পর এইমুহুর্তে রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম। এমতাবস্থায় ভোটার তালিকায় (Voter List) ডিলিটেড লিস্টে নাম ওঠায় এক ব্যক্তি রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে লিখলেন চিঠি, শোরগোল পড়ে গেল এলাকা জুড়ে।
স্বেচ্ছা মৃত্যুর আর্জি রাষ্ট্রপতির কাছে!
ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে আগেই রাজ্যের অসংখ্য মানুষ আত্মহত্যা করেছিলেন। সেই কারণে শুরু থেকেই নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করে আসছেন তৃণমূল কংগ্রেস। তবে এবার ঘটল আরেক ঘটনা। গতকাল অর্থাৎ রবিবার, হাওড়ার পাঁচলা এলাকার বাসিন্দা শেখ ফরিদুল ইসলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে চিঠি লিখেছিলেন। আর সেই চিঠিতেই চরম হতাশা প্রকাশ করে স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়েছিলেন তিনি। ব্যাপক শোরগোল শুরু হয় এই চিঠিকে কেন্দ্র করে। তাঁর দাবি হয় SIR বাতিল করে তাঁকে নাগরিকত্ব ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, নচেৎ তাঁর স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্রহণ করে তাঁকে স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিতে হবে।
গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের অভিযোগ
অভিযোগকারী ফরিদুল ইসলাম SIR এর প্রতিবাদ করে চিঠির আবেদনে জানিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ায় যেসব নথি জমা দিতে বলা হয়েছিল কমিশনের তরফে, তা দেশের প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের পক্ষে জোগাড় করা কার্যত কঠিন। কারণ অনেকের কাছেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নেই, ফলে প্রকৃত নাগরিক প্রমাণ করা অতান্ত কঠিন। তাই এই ঘটনাকে তিনি শুধু ব্যক্তিগত অপমান হিসেবে দেখছেন না বরং এটি গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করার পরিকল্পনা হিসাবে দেখছেন। এখন দেখার এই চিঠির পাল্টা কোন জবাব আসতে চলেছে।
আরও পড়ুন: গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া
প্রসঙ্গত, গত শুক্রবার, আধার কার্ড, পাসপোর্ট আছে, অথচ নাম বাদ পড়েছে, এমন ভোটারদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন যে বৈধ পাসপোর্ট থাকার পরেও কেন ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। আজ ছিল সেই মামলার শুনানি। কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তালিকা ফ্রিজের তারিখ নিয়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। ভরসা রাখা হচ্ছে ট্রাইবুনালেই। অন্যদিকে ভোটের মুখে এত বিশাল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক তর্জা এখন তুঙ্গে। এখন দেখার, ট্রাইবুনাল কত দ্রুত এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণ করতে পারে।












