প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বারংবার উঠে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। আর এই গোলমাল সংঘর্ষের পর থেকেই ABVP নেতা তথা যাদবপুরের গবেষক-ছাত্র নিখিল দাসকে (Nikhil Das Jadavpur) নিয়েই বিতর্ক যেন তুঙ্গে। কিন্তু এবার, অভিযোগ উঠল বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের কাছেই নাকি জাতিগত বৈষম্যের শিকার হয়েছেন ওই ABVP নেতা। আর তাই জাতীয় তফসিলি কমিশন (NCSC) গোটা ঘটনার রিপোর্ট চাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে।
দলিত বলে মারধর নিখিলকে!
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগস্টের তৃতীয় সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে গোলমাল ও সংঘর্ষের পর থেকেই নিখিল দাসকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তাঁর অভিযোগ, গত ১৯ আগস্ট ‘দলিত’ বলে আক্রমণ করেছিল SFI সংগঠনের কিছু সদস্য। শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করা হয়েছিল তাঁকে। শুধু তা-ই নয়, তাঁর প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাই নিখিল জাতীয় তফসিলি কমিশনে অভিযোগ করেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার কমিশন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চাইল। জানা গিয়েছে, সাত দিনের মধ্যে পদক্ষেপ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। যদি সময়ের মধ্যে রিপোর্ট না দেওয়া হয় তাহলে সমন করা হবে।
যৌন হেনস্থার অভিযোগ নিখিলের বিরুদ্ধে
নিখিলকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ ব্যবস্থাপনা নিয়ে পিএইচডি করছেন তিনি, পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন ABVP-এর যাদবপুর ইউনিটের সভাপতিও। এর আগে যাদবপুরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক উৎসবের সময় কলা বিভাগের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। কয়েক দিন হেফাজতেও থাকতে হয়েছিল তাঁকে। পরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তবে নিখিলের দাবি, তিনি ওই মামলায় ক্লিনচিট পেয়েছেন। এখন দেখার এই মামলার জল কোনদিকে মোড় নেয়।
আরও পড়ুন: সময়সূচি নিয়ে তুমুল বিবাদ, ৩ দিন ধরে বন্ধ বোলপুর-দুর্গাপুর বাস পরিষেবা
প্রসঙ্গত, দেওয়াল লিখন নিয়ে কম বিতর্ক শুরু হয়নি যাদবপুরে। ক্যাম্পাসের মধ্যে ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল একের পর এক। যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কর্তৃপক্ষের তরফে সেসব দেওয়াল লিখন মোছাও হয়েছে। আর এবার বিজেপির তরফে আগামী ৪ সেপ্টেম্বর ‘লাল দুর্গ’ নামের জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, জিষ্ণু বসুরা।










